মাছ শিকারে নদে ফাঁদ অপেক্ষা শুধু পানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে নদের উৎসমুখে পানি নেই। আর কিছু দিনের মধ্যে জোয়ারের পানি পদ্মা নদী দিয়ে ঢুকবে কুমার নদে। পানি ঢুকলেই মাছ শিকার করা যাবে। তাই সব প্রস্তুতি শেষ করে রেখেছেন মৎস্যশিকারিরা। এ জন্য আড়াআড়িভাবে নদের এপার-ওপার পাতা হয়েছে ফাঁদ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরতলির উত্তর আলীপুর এলাকায়। শুধু আলীপুরেই নয়, শহরের মদনখালী থেকে অম্বিকাপুর রেলস্টেশন পর্যন্ত তিন কিলোমিটার এলাকার মধ্যে এই নদে আরও চারটি ফাঁদ পাতা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্তিক চন্দ্র সাহা বলেন, ‘নদীতে আড়াআড়িভাবে ফাঁদ পেতে মাছ শিকার নিষিদ্ধ। এ ধরনের ঘটনা ঘটে থাকলে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের এ কাজ থেকে বিরত রাখার পরামর্শ দিতে পারি। যদি আমাদের পরামর্শে কাজ না হয় তবে আমরা তা অপসারণ করতে পারি।’ গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উত্তর আলীপুর মহল্লার শারমিন আক্তারের বাড়ির কাছে কুমার নদে আড়াআড়িভাবে পাতা হয়েছে ৬০ ফুট দীর্ঘ ফাঁদ। এই ফাঁদ মাটি থেকে ১০ ফুট উঁচু। বাঁশ সরু করে কেটে পাটির আকারে বুনে তৈরি হয়েছে এই ফাঁদ। পানি বাড়লে দুই পাশ দিয়ে দোয়ারি ও সুতি জাল দিয়ে মুড়িয়ে দেওয়া হবে ফাঁদটি। এর ফলে ছোট-বড় সব ধরনের মাছই এতে আটকা পড়বে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার বাসিন্দারা বলেন, এলাকার যুবলীগের কর্মী অম্বিকাপুর এলাকার মাজেদুর রহমান ও উত্তর আলীপুর মহল্লার পারভেজ খান এ ফাঁদ দিয়েছেন। গত ১৫ দিন আগে এ ফাঁদ নির্মাণ শেষ হয়েছে। ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নাজমুল হোসেন মাজেদুর রহমানকে যুবলীগের কর্মী হিসেবে শনাক্ত করেছেন। নদে মাছ ধরার জন্য আড়াআড়িভাবে ফাঁদ পাতার কথা স্বীকার করে মাজেদুর রহমান বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন ব্যক্তি নদে ফাঁদ পেতে মাছ ধরেন। এ বছর এলাকার ছেলেরা মাছ খাবার জন্য নদে ফাঁদ দিতে চাইলে আমি রাজি হই।’ সরেজমিনে দেখা যায়, ওই ফাঁদটি ছাড়াও শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার শামসু মিস্ত্রির বাড়ির সামনে ফাঁদ পেতেছেন মোকলেস ফকির ও মাসুদ ফকির। খাপাড়া এলাকার এরশাদ মাস্টারের বাড়ির সামনে ফাঁদ পেতেছেন লক্ষ্মীপুর এলাকার জেলে এবং প্রভাবশালী ব্যক্তিরা। অম্বিকাপুর পল্লিকবি জসীমউদ্দীনের বাড়ির সামনে ফাঁদ পাতা হয়েছে। অম্বিকাপুর শ্মশানঘাট এলাকায় বিশা দাসের বাড়ির সামনে ফাঁদ পেতেছেন স্থানীয় জেলে অমল ও এলাকার লোকজন। অবশ্য এই ফাঁদগুলো নদের দুই দিকে আটকে করা হলেও মাঝে ফাঁকা জায়গা রয়েছে। ফরিদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল জলিল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে আড়াআড়িভাবে ফাঁদ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ বেআইনি। এ ফাঁদের কারণে শুধু দেশের মৎস্য সম্পদই উজাড় হচ্ছে না, পাশাপাশি পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদের পারও ভেঙে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, ‘আড়াআড়িভাবে কাউকে ফাঁদ বসাতে দেওয়া হবে না। আমরা গত বছরও কুমার নদের ওই জায়গা থেকে তিন-চারটি ফাঁদ অপসারণ করেছি। এবারও জেলা প্রশাসকের সমঞ্চতি নিয়ে আমরা ফাঁদ অপসারণ করার কাজ শুরু করব।’