মাছ শিকারের জন্য কুমার নদে বাঁধ!
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে কুমার নদের দুই স্থানে আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছে। শ্যালোচালিত মেশিন দিয়ে দুই বাঁধের মাঝখান থেকে পানি অপসারণ করা হচ্ছে। মাছ শিকারের জন্য স্থানীয় প্রভাবশালী নারী সুফিয়া বেগম এ কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কানাইপুরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় কুমার নদের দুই পাড়ের মাটি কেটে আড়াআড়িভাবে দুটি বাঁধ দেওয়া হয়েছে। শ্যালো মেশিন দিয়ে দুই বাঁধের মাঝখান থেকে পানি অপসারণের কাজ চলছে। পশ্চিম গঙ্গাবর্দী শেখপাড়া জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম বলেন, এই বাঁধ দিচ্ছেন স্থানীয় সুফিয়া খাতুন নামের এক প্রভাবশালী নারী। এলাকার সবাই তাঁকে ভয় পায়। তাই কেউ তাঁকে বাধা দেয়নি।বাঁধ দেওয়ার কথা স্বীকার করে সুফিয়া বেগম (৪৫) বলেন, ‘মাছ মারা আমার উদ্দেশ্য নয়। গত বছর বন্যার সময় আমার একটি তাফাল (ধান জাল দেওয়ার পাত্র) ও এক জোড়া দরজা নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। সেগুলো তোলার জন্যই নদীতে বাঁধ দিয়ে পানি অপসারণের ব্যবস্থা করেছি।’ ওই এলাকার বাসিন্দা ওসমান ভূঁইয়া বলেন, গত বছরও সুফিয়া স্থানীয় জেলেদের সাহায্যে একই প্রক্রিয়ায় নদীর মাছ শিকার করেছিলেন। এ বছর জেলেদের সাহায্য ছাড়াই তিনি তাঁর আত্মীয়স্বজন নিয়ে এ কাজ করছেন।এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্তিক চন্দ্র সাহা বলেন, ‘নদীতে বাঁধ দেওয়া সম্পূর্ণ বেআইনি। ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, প্রবহমান জলধারায় কোনোরকম প্রতিবন্ধকতা স্থাপন করা অপরাধ। কিন্তু কেউ বেআইনিভাবে নদে বাঁধ দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আমাদের পর্যাপ্ত জনবল নেই। প্রশাসন এ ব্যাপারে ভূমিকা রাখলে আমরা তাদের সার্বিক সাহায্য করব।’ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান বলেন, ‘এ ব্যাপারে আগেই অভিযোগ পেয়েছি। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’