মাছচাষিকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
নাটোরে এক মাছচাষিকে হত্যার দায়ে তোফাজ্জল হোসেন ওরফে নিজাম নামের এক ব্যক্তির ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ মো. হাসানুজ্জামান এ আদেশ দেন।
দণ্ডিত তোফাজ্জল হোসেন জেলার বড়াইগ্রাম উপজেলার দোগাছি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় মামলার ২২ আসামির মধ্যে ২১ জন হাজির ছিলেন। বেলা দেড়টার দিকে আদালতের বিচারক মো. হাসানুজ্জামান রায় পড়ে শোনান। রায়ে জানানো হয়, মামলার আসামি তোফাজ্জল হোসেন ওরফে নিজামের (৫২) বিরুদ্ধে প্রকাশ্যে গুলি করে তাঁর প্রতিবেশী ওমেদ আলী ওরফে চায়নাকে (৪৫) হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অসংখ্য মানুষের উপস্থিতিতে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংঘটিত করায় আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় বলে আদালত তাঁর রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি ও তাঁর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে আসামিকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২ অক্টোবর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দোগাছি গ্রামে ২০০ থেকে ৩০০ লোকের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। সালিসে পাতয়ার বিলে মাছ ধরার জাল চুরি নিয়ে গ্রামের নুরু মণ্ডল ও মেহের মণ্ডলের সমর্থকদের বিচার চলছিল। একপর্যায়ে নিজাম উদ্দিন বন্দুক দিয়ে বাদী কমেদ আলীর ভাই ওমেদ আলীকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে ওই রাতেই কমেদ আলী বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বড়াইগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক খান ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বুধবার দুপুরে একজনের মৃত্যুদণ্ড ও অন্যদের খালাস দেন।
বাদীপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল হাই ও আসামিপক্ষে আরিফুল ইসলাম মামলা পরিচালনা করেন। উভয়েই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, তা পরে জানাবেন বলে জানান।