মাছচাষিরা জলকপাট খুলে দেওয়ায় কৃষকের সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার বেদভিটা বিলের চার শতাধিক বিঘার বোরো ধানখেত জোয়ারের লোনাপানিতে তলিয়ে গেছে। কৃষকেরা অভিযোগ করেছেন, এলাকার প্রভাবশালী মাছচাষিরা ‘কাটা খাল’-এর স্লুইসগেট (জলকপাট) খুলে দেওয়ায় টেকা নদী দিয়ে আসা জোয়ারের লোনাপানি বিলে ঢুকছে। কৃষকেরা দুই দিন ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ওই খালে বাঁধ দিয়ে লোনাপানি ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন। কৃষকেরা জানান, টেকা নদী থেকে বের হয়ে কাটা খাল বিল কেদারিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
এলাকার বিলগুলোর পানি এই খাল দিয়ে নিষ্কাশিত হয়। গোঘাটা নামক স্থানে নদীসংলগ্ন খালের মুখে রয়েছে তিন কপাটের একটি স্লুইসগেট। তাঁরা জানান, নদী দিয়ে জোয়ারের সঙ্গে আসা লোনাপানি বিলে যাতে প্রবেশ না করে সে জন্য জলকপাট বন্ধ রাখা হয়। নদীতে আবার মিঠাপানি এলে জলকপাট খুলে দেওয়া হয়। ভবদহ স্লুইসগেটের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় দুই দশক ধরে বিলটিতে কোনো ফসল হয়নি। বিলের পানি নেমে যাওয়ায় দুই বছর ধরে বিলটিতে শুধু বোরো ধান চাষ হচ্ছে।
কৃষকেরা জানান, বর্তমানে নদীতে জোয়ারের পানি অনেক বেড়ে গেছে। জোয়ারের সঙ্গে আসছে লোনাপানি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেন, দিঘলিয়া ও বারান্দী গ্রামের কিছু প্রভাবশালী মাছচাষি জোয়ারের পানিতে ঘের তলিয়ে যেতে পারে—এই আশঙ্কায় গত সোমবার সন্ধ্যায় জলকপাট খুলে দেন। এতে জোয়ারের লোনাপানি বিলে ঢুকে ধানখেত তলিয়ে যায়। কৃষকেরা টের পেয়ে মঙ্গলবার জলকপাট বন্ধ করে দেন। এরপর ওই মাছচাষিরা পুনরায় কপাট খুলে দিয়েছেন।
কৃষকেরা অভিযোগ করেন, পরে জলকপাট বন্ধ করতে গেলে প্রভাবশালী মাছচাষিরা তাঁদের হুমকি দিয়েছেন। লোনাপানিতে তাঁদের চার শতাধিক বিঘা জমির বোরো ধানখেত তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। গতকাল শুক্রবার বিলটিতে গিয়ে ধানখেতের ওপর থই থই পানি দেখা গেছে। বেদভিটা গ্রামের কৃষক তারক বিশ্বাস (৩২) বলেন, ‘দিঘলিয়া ও বারান্দী গ্রামের মাছচাষিরা স্লুইসগেট খুলে দেওয়ায় আমার তিন বিঘা বোরো ধানখেত জোয়ারের লোনাপানিতে তলিয়ে গেছে। আমরা স্লুইসগেট বন্ধ করে দিয়েছিলাম। পরে তাঁরা আবার খুলে দিয়েছে। আমাদের স্লুইসগেট না খুলতে তারা হুমকি দিয়েছে। ইউএনওর কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।’
একই গ্রামের কৃষক অভিমান্য মন্ডল (৬০) বলেন, ‘লোনাপানিতে আমার পাঁচ বিঘা জমির সদ্য রোপণ করা বোরো চারা তলিয়ে গেছে। বাঁশ, পলিথিন, তক্তা ও টিন দিয়ে খালে বাঁধ দেওয়ার চেষ্টা করছি।’
জোয়ারের লোনাপানিতে কোটা গ্রামের রাজু আহমেদের তিন বিঘা বোরোখেত তলিয়ে গেছে। তিনি বলেন, ‘দুই দশকেরও বেশি সময় ধরে বিলে কোনো ফসল নেই। দুই বছর ধরে শুধু বোরো ধান হচ্ছে। এবার তাও নষ্ট হয়ে গেল।’ বেদভিটা গ্রামের কৃষক বিরাট বিশ্বাস (৪৫) বলেন, ‘চার বিঘা জমিতে এবার বোরো ধান রোপণ করেছিলাম। কয়েক দিন আগে ধানের চারা রোপণের কাজ শেষ করেছি। এর মধ্যেই স্লুইসগেট খুলে দিয়ে সব শেষ করে দেওয়া হলো।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, প্রভাবশালী মাছচাষিরা স্লুইসগেটের কপাট খুলে দেওয়ায় জোয়ারের পানিতে বোরো ধানখেত তলিয়ে গেছে। কপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ১২০ বিঘা জমি এখনো পানির নিচে রয়েছে। অল্প অল্প করে পানি নিষ্কাশিত হচ্ছে; খেত জেগে উঠছে। তার পরও প্রায় ৩০ বিঘা জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে।