মাছ বিক্রেতাকে হত্যার দায়ে চা বিক্রেতার মৃত্যুদণ্ড
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাঘারপাড় গ্রামের মাছ বিক্রেতা ভজন চন্দ্র দাসকে (২৮) হত্যার দায়ে একই উপজেলার ছোট শালজান গ্রামের চা বিক্রেতা মো. সুরজামাল মিয়াকে (৩০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ভজনের সঙ্গে সুরজামালের বন্ধুত্ব ছিল। এরই সূত্র ধরে ২০১৫ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুই বন্ধু রিকশায় করে দুর্গাপূজা দেখতে বের হন। এরপর ভজন আর বাড়ি ফেরেননি। পরের দিন সুরজামাল জানান, ভজন গভীর রাতে বাড়ি চলে গেছেন। এ ঘটনার দুই দিন পর ভজনের বাবা সুনীল চন্দ্র দাস কলমাকান্দায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের চার দিন পর ২৬ অক্টোবর দুপুরে কলমাকান্দা পশ্চিম বাজার এলাকায় সতীশ মল্লিকের অটো রাইস মিলের পাশে নিচু জায়গায় বস্তায় ভর্তি অবস্থায় ভজনের দেহ ও কিছু দূরে মাথা পাওয়া যায়। ওই দিনই রাতে সুনীল বাদী হয়ে সুরজামালকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সুরজামালকে আটকের পর তিনি হত্যার কথা স্বীকার করেন। বলেন, ভজনের সঙ্গে বেশ কিছু টাকা ছিল। সেই টাকার লোভে মদ্যপান করিয়ে অচেতন করে তাঁকে গলা কেটে হত্যা করেন। তদন্ত শেষে গত বছরের ৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।
আসামিপক্ষের মামলা পরিচালনা করেন মো. সিরাজুল ইসলাম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি গোলাম মোহাম্মদ খান পাঠান।
রায় ঘোষণার শেষে নিহত ভজনের ছোট ভাই সাধন চন্দ্র দাস (২৬) ও বাবা সুনীল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, এই রায়ে তাঁরা খুশি। এখন দ্রুত রায় কার্যকরের দাবি জানান।