মাছে ফরমালিন, ঢ্যাঁড়সের রস, কাপড়ের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢ্যাঁড়সের রস, কাপড়ের রং আর ফরমালিনের মিশ্রণে মাছ তাজা করার পদ্ধতি পরীক্ষা করে দেখছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে তোলা ছবি ।  প্রথম আলো
ঢ্যাঁড়সের রস, কাপড়ের রং আর ফরমালিনের মিশ্রণে মাছ তাজা করার পদ্ধতি পরীক্ষা করে দেখছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে তোলা ছবি । প্রথম আলো

ঢ্যাঁড়সের রস, কাপড়ের রং আর ফরমালিন মিশিয়ে মাছ তাজা রাখার নতুন এবং অভিনব এক পদ্ধতি উদ্ভাবন করেছেন রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছ বিক্রেতারা।
পদ্ধতিটি হচ্ছে, ঢ্যাঁড়স ছোট ছোট করে কাটা হয়। এর আঠালো রস মাছের শরীরজুড়ে মাখিয়ে দেন বিক্রেতারা, যাতে বোঝা যায় মাছটি তাজা। সঙ্গে মাছের কানসায় লাগিয়ে দেওয়া হয় কাপড়ে ব্যবহৃত লাল রং। ফরমালিন তো আছেই। সব মিলিয়ে মাছটি তরতাজা দেখায়। পাশাপাশি দোকানের সামনে জ্বলজ্বলে বাতিগুলো তো আছেই। রং আর ফরমালিনের এমন ব্যবহার করায় এসব মাছ হয়ে ওঠে স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ।
গতকাল রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত রাজধানীর অন্যতম বৃহৎ এ বাজারে অভিযান চালিয়ে ফরমালিন মেশানো প্রায় চার মণ মাছ আটক করেছেন। পরে এগুলো কেরোসিন মিশিয়ে ডাস্টবিনে ফেলা হয়।
টাউন হল বাজারের খাজা বাবা মৎস্যভান্ডার, পুরান মামা-ভাগিনা ইলিশ মাছের দোকান নামের দোকানে সাজিয়ে রাখা ছিল এ ধরনের মাছ। কিন্তু মামা-ভাগিনা মাছের দোকানের সাইনবোর্ডে লেখা আছে ‘যার মান ভালো, তার দাম ভালো’। আর এ ‘ভালো’ মানের দোকানের বড় একটি বোয়াল মাছে দশমিক ৫৩ মাত্রায় ফরমালিন মেশানো ছিল। আর রুই ও কাতলা মাছে ছিল দশমিক ৩৫ মাত্রায় ফরমালিন।
ছোট ছোট মাছের ওপরও ফরমালিন ছড়িয়ে দিতে পিছপা হননি বিক্রেতারা। ট্যাংরা, বেলে, কাজরি, মলা মাছেও পাওয়া যায় দশমিক ৬০ মাত্রায় ফরমালিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ বলেন, ‘ফরমালিন শনাক্তকারী যন্ত্র দিয়ে মাছগুলোকে পরীক্ষা করা হয়েছে। তবে মাছ বিক্রেতারা অভিযান শুরুর আগে পালিয়ে গেছেন। আমরা সংশ্লিষ্ট এলাকার থানাকে নির্দেশ দিয়েছি এসব মাছের বিক্রেতাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে।’ তিনি আরও জানান, দশমিক শূন্য ১ মাত্রার ওপরে ফরমালিন থাকলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অথচ এই টাউন হল বাজারকেই গত বছর তৎকালীন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানকসহ এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা ফরমালিনমুক্ত ঘোষণা করেছিলেন।
ফরমালিনে ভরপুর রসাল আম-লিচু!: পুলিশি অভিযানের সময় টাউন হলের ফল বাজারে সার সার সব ফল সাজানো ছিল। চোখ জুড়িয়ে যাওয়া বড় বড় লিচু, হলদে-সবুজ আম, জামরুল, তরমুজ, আপেল ঝুড়ি ভর্তি করে রাখা। তবে বিক্রেতারা সবাই উধাও। কারণ, সব ফলেই মিলেছে ফরমালিনের সন্ধান।
সবুজ পাতার ডালে বাঁধা লাল রঙের রসাল ১০০টি লিচু টাউন হল বাজারে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। কিন্তু এই বাজারের লিচুতে ৯ দশমিক ২০ মাত্রার ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে। আমে পাওয়া গেছে ৭ দশমিক ৯৩ এবং জামরুলে দশমিক ৮২ মাত্রার ফরমালিন।
অভিযানের সময় আটক একমাত্র ফল বিক্রেতা আবদুস সাত্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাত্তার অনেকটা নিচু স্বরেই জানালেন, ‘আমি ফরমালিন মিশাই নাই। আড়ত থেকে কিইন্যা আইনা এ বাজারে বিক্রি করি।’
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির সহকারী কমিশনার (এসি) নূরে আলম বলেন, গত সপ্তাহে টাউন হল বাজারে অভিযান চালানো হয়েছিল। ২২ মের ওই অভিযানের সময় মাছ বিক্রেতারা পুলিশের ওপর চড়াও হয়েছিলেন। খাদ্যে ফরমালিনের অস্তিত্ব দূর করতে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।