মাছে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

দেশে মাছের উৎপাদন বাড়ছে। কয়েক বছরের মধ্যে দেশ মাছে স্বয়ংসম্পূর্ণ হবে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় মাছচাষি, উদ্যোক্তা ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এমন আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল বুধবার মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, পুকুর ও জলাশয়ে মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও পার্বত্য চট্টগ্রামে পালিত হয়েছে মৎস্য সপ্তাহ। আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ’। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তন হতে শোভাযাত্রা বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) উক্যশিং, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সভা শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

লক্ষ্মীপুরে এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। এ ছাড়া এলাকায় শোভাযাত্রা, মাইকিং, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিনবিরোধী অভিযান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ। অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা ছাড়া হয়।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এই উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ প্রমুখ।

মাছ চাষে সাফল্য অর্জন করায় সাতকানিয়ার মাছচাষি আ ন ম সেলিম চৌধুরী, মো. নুরুল আলম, মো. বদিউল আলম রাশেদ ও মো. নজরুল ইসলামকে সম্মাননা জানানো হয়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ফরিদ উদ্দিন খান। সভায় সাদেকুল মাওলা সিদ্দিকী, মফিজুর রহমান ও নাজিম উদ্দিনকে মাছ চাষে সাফল্যের জন্য সম্মাননা জানানো হয়।

কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রা বের করা হয়। মহেশখালীর ইউএনও মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।