মাছের আকাল, বেড়েছে ছোলা-মরিচের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের যেন আকাল চলছে চট্টগ্রামের বাজারে। সামুদ্রিক ও মিঠা পানি—এই দুই ধরনের মাছের সরবরাহ অনেক কম থাকায় দাম চড়া। সপ্তাহের ব্যবধানে দুই টাকা করে বেড়েছে ছোলার দাম। এদিকে ২০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গতকাল শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারে ঘুরে এই চিত্র দেখা গেছে। মাছের বাজারে গিয়ে দেখা গেছে, দোকানিরা তিন থেকে চার রকমের মাছ নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছে। মাছ বিক্রেতা অনিল চন্দ্র দাশ বলেন, বাজারে মাছ নেই বললেই চলে। কারণ জানতে চাইলে তিনি বলেন, গত মে মাস থেকে মিঠা পানি মাছের অন্যতম ক্ষেত্র কাপ্তাই লেকে মা-মাছের ডিম ছাড়ার কারণে মাছ ধরা বন্ধ রয়েছে। আগামী মাসের দিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে মাছের সরবরাহ বাড়তে পারে। এ ছাড়া বৃষ্টির কারণে খালবিল, ডোবা-জলাশয়গুলো পানিতে টইটম্বুর থাকায় মাছ ধরা যাচ্ছে না। বিরূপ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে কম যেতে পারছেন বলে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহও কম। তাই দামও বেশি। বিক্রেতারা জানান, বাজারে কেজিপ্রতি রুই ১৮০, কাতলা ২২০, নাইলোটিকা ১৫০, ছোট আকারের শিং ৬০০, বড় আকারের শিং ৭৫০, চাষের কই ২০০ থেকে ২১০, শোল ৪০০, মাগুর ৬০০, পাঙাশ ১৪০, সামুদ্রিক বেলে ২০০, কোরাল ৬০০ থেকে ৭০০, নারকেল মাছ ১৩০, গলদা চিংড়ি ৫২০, বিভিন্ন আকারের রূপচাঁদা ৭০০ থেকে ৮০০ এবং ইলিশ মাছ আকারভেদে ৭৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম বাড়তি থাকলেও কমেছে মুরগি ও ডিমের দাম। চট্টগ্রামের বাজারে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৬০, লেয়ার মুরগি ১৮০, দেশি মুরগি ২৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। খামারের মুরগির ডিমের দাম হালিপ্রতি ৩৪ থেকে ৩৬ টাকা। হাঁসের ডিমের দাম হালিপ্রতি ৩৫ টাকা। গত সপ্তাহের তুলনায় ছোলার দাম কেজিতে বেড়েছে দুই টাকা। রিয়াজউদ্দিন বাজারে মিয়ানমারের ছোলা ৮২ এবং অস্ট্রেলিয়ান ছোলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচাবাজারে এক দামে বিক্রি হলেও অলিগলিতে বিক্রি হচ্ছে তার চেয়ে বেশি দামে। নগরের ব্যাটারি গলি থেকে রিয়াজউদ্দিন বাজারে আসা নাসিমা আক্তার বলেন, ‘ব্যাটারি গলিতে কেজি প্রতি মরিচের দাম ৮০ টাকা। তাই রিয়াজউদ্দিন বাজার থেকে ৬০ টাকা দরে নিয়ে যাচ্ছি।’ এ প্রতিবেদক রিয়াজউদ্দিন রাজার ঘুরে এসে জামাল খান মোড়ের ভ্যানে করে বিক্রি করা সবজি বিক্রেতার কাছে কাঁচা মরিচের দাম জানতে চাইলে তিনি বলেন ‘এক শ টাকা।’খোলা সয়াবিনের দাম বেড়েছে: বোতলজাত সয়াবিন তেলের দাম স্থিতিশীল থাকলেও খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। এর প্রভাব বোতলজাত তেলের দামের ওপর পড়ার আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, কেজিপ্রতি খোলা সয়াবিন তেলের পাইকারি মূল্য ১৩৫ টাকা এবং খুচরা বিক্রয় মূল্য ১৩৮ টাকা। গত সপ্তাহে ১৮৫ কেজির এক ড্রাম খোলা সয়াবিন তেলের পাইকারি মূল্য ছিল ২৪ হাজার ২২৫ টাকা। এ সপ্তাহে প্রতি ড্রামে ৭৫০ টাকা বেড়ে হয়েছে ২৪ হাজার ৯৭৫ টাকা।