প্রতিবছর এই সময়ে উপকূলের নদ-নদীতে মাছের প্রাচুর্য কম থাকে। তার ওপর মার্চ-এপ্রিল এই দুই মাস সরকার ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় উপকূলের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করায় বরিশাল নগরের প্রধান মৎস্যবন্দর পোর্ট রোডের মাছের আড়তগুলোয় নেমে আসে ভুতুড়ে অবস্থা। বেকার হয়ে পড়েন এখানকার কয়েক শ শ্রমিক। ব্যবসায় মন্দাভাবের কারণে ব্যবসায়ীদের মধ্যেও বিরাজ করে হতাশা।
কিন্তু এখনকার সেই পোর্ট রোডের চিত্র যেন ভিন্ন। সেখানে মাছের বদলে এখন শোভা পাচ্ছে আরেক সবুজ ফসল তরমুজ। পোর্ট রোডের অধিকাংশ মাছের আড়ত এখন তরমুজময়। এই সময়ে এখানকার ব্যবসায়ীরা বেছে নিয়েছেন বিকল্প এই মৌসুমি ব্যবসা। এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি শ্রমিকেরা খুঁজে পেয়েছেন কাজের সুযোগ। আর এই ব্যবসায় কোটি কোটি টাকা লগ্নিও করেছেন এখানকার মৎস্য ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উপকূলের নদ-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আর এ সময়ে বরিশাল নগরের প্রধান মৎস্য অবতরণকেন্দ্রটি মাছশূন্য হয়ে পড়ে। ইলিশ বাদে স্থানীয় জেলে ও চাষিদের যে মাছ আসে, তা খুচরা বাজারে বিক্রি হয়ে যায়। তাই এই মৌসুমজুড়েই এখানকার আড়তদারেরা তরমুজের মৌসুমি ব্যবসাকে বেছে নিয়েছেন। কয়েক বছর ধরে এটা চলছে এই মৎস্যবন্দরে।
গত বুধবার পোর্ট রোডের মৎস্যবন্দরে গিয়ে দেখা যায়, মাছের আড়তগুলোয় তরমুজ আর তরমুজ। শ্রমিকেরা বিভিন্ন স্থান থেকে আনা তরমুজ ট্রাক ও পাশের নদীর ঘাটে নোঙর করা ট্রলার থেকে নামিয়ে স্তূপ করে রাখছেন। কেউ সেগুলো মাছের আড়তে নিয়ে সাজিয়ে রাখছেন। সেখানে ক্রেতাদের ভিড়। এর বেশির ভাগই পাইকারি ক্রেতা, এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে।
তরমুজ ওঠানো-নামানোর কাজে নিয়োজিত শ্রমিক আলী হোসেন বলেন, ‘পেরতেক বছর এই সময়ে গাঙ্গে মাছ-পোনা থাহে খুব অল্প। হ্যারপর আবার সরকার এহন এক মাস ইলিশ মাছ ধরনে নিষেধাজ্ঞা দেছে। সব মিলাআয়্যা তেমন মাছের আমদানি নাই। এই সময়ে মোগো হাতে কোনো কাইজ না থাহনে মরণদশা অয়। কয়েক বছর ধইর্যা মহাজনেরা তরমুজের ব্যবসা চালু করনে মোগো একটু আছান অইছে। পেরতেক দিন কাম-কাইজ থাহে। যেদিন বেশি তরমুজ আয়, হেইদিন নাওয়া-খাওয়ারও সময় পাই না।’
মৎস্য ব্যবসায়ীরা বলেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার এই সময়ে তাঁরা মাছ ব্যবসার পুঁজি লগ্নি করছেন তরমুজের ব্যবসায়। এই ব্যবসা চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। গরম বাড়তে থাকায় দিন দিন দক্ষিণের হাটবাজারগুলোয় রসালো আর সুস্বাদু তরমুজের আমদানি বাড়ছে। এতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের তরমুজ বরিশাল সদর হয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। তবে মৌসুমের শুরুতে শিলাবৃষ্টি আর খেতে জলাবদ্ধতার কারণে এবার তরমুজের আমদানি আগের বছরগুলোর তুলনায় অনেক কম।
আড়তদার ভরত সাহা বলেন, প্রতিবছর এমন সময়ে বরিশালের মেহেন্দীগঞ্জ, টুঙ্গিবাড়িয়া, বুখাইনগর, ভোলার চরফ্যাশন, চরকাজী, লালমোহন, পটুয়াখালীর গলাচিপা, রাঙাবালি, বরগুনার আমতলী, তালতলী, বরগুনা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রচুর তরমুজ আসে। তবে বিরূপ আবহাওয়ায় (শিলাবৃষ্টি ও জোয়ারের পানিতে খেত তলিয়ে যাওয়া) ক্ষতির কারণে তরমুজের পরিমাণ গত বছরের চেয়ে এ বছর কমে গেছে। এ জন্য আগের মৌসুমে যেখানে প্রতিদিন এখানে ৮ থেকে ১০টি ট্রাক দেশের অন্যান্য স্থানে তরমুজের চালান করা যেত, এবার সেখানে প্রতিদিন ৩ থেকে ৪ ট্রাক পাঠানো যাচ্ছে।
বরিশাল মৎস্য আড়তদার সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, এবার প্রবল বর্ষণ ও জলাবদ্ধতার কারণে তরমুজের ফলন খুব খারাপ। এই সময়ে যেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০টি ট্রাকে তরমুজ চালান করার কথা সেখানে এবার ১০টিও করা যাচ্ছে না। তারপরও এ সময়টায় মাছের আমদানি কম থাকায় আড়তদারেরা যাতে অলস সময় না কাটান, সে জন্য বেছে নিয়েছেন বিকল্প আয়বান্ধব ব্যবস্থা।