মাছের চার চালানের নমুনায় ক্ষতিকারক উপাদান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা মাছের চারটি নমুনায় বিষাক্ত পদার্থের উপস্থিতি মেলেনি। বিষাক্ত পদার্থের উপস্থিতি না পাওয়ায় এসব মাছ খালাসের ছাড়পত্র দেওয়া হয়েছে।
তবে এখনো ২৫টি নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এই ২৫টি চালানে আসা ৬০ কনটেইনার মাছ এখন বন্দরে আটকে আছে। চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কার্যালয়ে মাছে ক্ষতিকারক উপাদান আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।
কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইফুল হক বলেন, মধ্যপ্রাচ্য থেকে ধাপে ধাপে ২৯টি আমদানি চালানে ৬৬টি কনটেইনার মাছ আমদানি হয়। এর মধ্যে চারটি চালানের ছয় কনটেইনার মাছের নমুনায় কোনো ক্ষতিকারক পদার্থ পাওয়া যায়নি। এ কারণে এসব চালান খালাসের ছাড়পত্র দেওয়া হয়েছে। পরীক্ষায় কোনো চালানে ক্ষতিকারক উপাদান পাওয়া গেলে তা ধ্বংস করা হবে।
এ মাসের প্রথম সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা ২২ কনটেইনার মাছের মধ্যে ১২ কনটেইনার মাছের নমুনা পরীক্ষায় ক্যাডমিয়াম ও সিসা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। তবে চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কার্যালয়ের প্রতিবেদন পাওয়ার আগেই এসব মাছ বন্দর থেকে খালাসের অনুমতি দেয় শুল্ক বিভাগ। আমদানি নীতি আদেশ অনুযায়ী এসব মাছ খালাস দেওয়ার কথা জানায় শুল্ক বিভাগ। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এরপর প্রতিটি চালানের নমুনা পরীক্ষা করে খালাসের ছাড়পত্র দেওয়া হচ্ছে।