মাছের জেলায় মাছ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছের জেলা হিসেবে সুপরিচিত কিশোরগঞ্জের বাজারে মাছ নেই বললেই চলে। মাছের স্বাভাবিক সরবরাহ না থাকায় মাছের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছেন। গত বছর বর্ষা মৌসুমে অধিকাংশ নদ-নদীসহ হাওরে স্বাভাবিক পানি ছিল না। এতে করে মাছের প্রজনন এবং বিচরণক্ষেত্র কমে যাওয়ায় এ বছর নদী, নালা ও হাওরে মাছের উৎপাদন কমে গেছে। মূল্যবৃদ্ধির কারণ এটাই বলে অভিমত সংশ্লিষ্টদের।খোঁজ নিয়ে জানা গেছে, লোকসংখ্যা ও ক্রেতার তুলনায় বাজারে মাছের সরবরাহ একদম নেই। দাম গত এক মাসে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ২০টি (এক কুড়ি) ২৫০ টাকার কই মাছ ৫০০ টাকায়, ১৫০ টাকার ২০টি মাঝারি শিং, মাগুর ৫৮০ টাকায়, ২৫০ টাকার বোয়াল ৫০০ টাকায়, ৩০০ টাকার রুই-কাতলা ৫০০-৬০০ টাকায়, ২৫ টাকার ৩০-৩৫টির এক ভাগ পুঁটি, মলা, ঢেলা, টেংরা ও বজুরি মাছ ১০০ টাকা ভাগে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দাম বেড়েছে ৮০ থেকে ৯০ শতাংশ।শহরের বাসিন্দা শিক্ষক মজিবুল হুদা বলেন, এমনিতেই চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তার পরও শহরে মাছ পাওয়া যেত। বর্তমানে মাছের দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো পরিবারগুলোর কষ্টের শেষ নেই।ক্ষুদ্র ব্যবসায়ী সমীর দাস বলেন, ‘কিশোরগঞ্জে মাছের দাম কম ও সহজেই পাওয়া যায়—দীর্ঘদিনের এ সত্যটি মিথ্যা হতে চলেছে। জীবনে এই প্রথম তিন দিন মাছ ছাড়া শাক-ডাল দিয়ে ভাত খেয়েছি।’বড় বাজারের মাছ ব্যবসায়ী রঞ্জিত পালসহ মাছ ব্যবসায়ীরা বলছেন, বাজারে মাছের সরবরাহ একদম কমে গেছে। কিশোরগঞ্জে চৈত্র মাস থেকে আষাঢ়-শ্রাবণ মাসে বিস্তীর্ণ হাওরের ভাসমান পানিতে মাছ শিকারিদের মাছ ধরার কথা। কিন্তু এখনো হাওরে পর্যাপ্ত পানি না আসায় হাওর থেকে মাছের জোগান কমে গেছে। তা ছাড়া খাল-বিল, জলাশয়, জলমহাল থেকে প্রচুর মাছ বাজারে এসে থাকে। কিন্তু এ বছর চাহিদামতো মাছ আসছে না। হাওর থেকে জেলেরা যা সারা দিন আহরণ করেন, তার সিংহভাগ মাছ ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ও চামড়াঘাট দিয়ে একশ্রেণীর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী বেশি দামে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। ফলে কিশোরগঞ্জের মানুষ কম দামে মাছ কিনতে পারছেন না।মৎস্য বিশেষজ্ঞ সৈয়দ আলী আজহার বলেন, গত বছর হাওরে স্বাভাবিক পানি বৃদ্ধি না হওয়ায় এবং জেলার নদীগুলো ভরাট হয়ে পড়ায় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র দুটিই কমে যায়। ফলে তুলনামূলকভাবে মাছের বংশ বৃদ্ধি হয়নি। উৎপাদন তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়ে গেছে এ কথা সত্য। এ এলাকার মানুষ বেশি দাম দিয়ে মাছ কিনতে অভ্যস্ত নন। তা ছাড়া তাদের আর্থিক ক্ষমতাও নেই।