মাছের দাম আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে আরও বেড়েছে মাছের দাম। কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। পবিত্র রমজান মাসের শুরুতে বেড়ে যাওয়া কাঁচা মরিচের দাম গত সপ্তাহে কমলেও এ সপ্তাহে আবার বেড়েছে। বেগুনসহ বেশির ভাগ সবজি কেনার জন্য ক্রেতাদের গতকাল শুক্রবারও বাড়তি টাকা গুনতে হয়েছে। অর্থাৎ বাজারের উত্তাপ কমেনি।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে গতকাল সাপ্তাহিক ছুটির দিনে মাছের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের বেশ ক্ষোভ দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে হঠাৎ মাছের দাম বেড়েছে। মাছের বাজারে কিছু বৈচিত্র্যও এসেছে ফরমালিনমুক্ত প্রমাণ করতে বিক্রেতাদের চেষ্টা দেখে। ডালায় রুইসহ কয়েক প্রকারের মাছকে নড়তে-চড়তে দেখা গেছে।
বুধবারও যে রুই বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে, গতকাল তা কিনতে হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা করে। এভাবে সব মাছের দামই ছিল বেশি। কারওয়ান বাজারে মাঝারি একটি ইলিশ ৭০০-৮০০ টাকা, প্রতি কেজি ছোট আকারের তেলাপিয়া ১২০-১৩০, মাঝারি আকারের তেলাপিয়া ১৬০-১৭০, পাঙাশ ১২০-১৩০, বোয়াল ৩০০ টাকা এবং ভারতীয় ও বার্মিজ রুই আকারভেদে ২৪০-৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারে এক কেজি ছোট টেংরা ও মলা মাছ ৪০০ টাকা, চাষের কই আকারভেদে ২০০-৩০০ ও ছোট আকারের চিংড়ি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের (৪৫০ গ্রাম ওজন) একটি ইলিশ ৪০০-৪৫০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশের দাম হাঁকা হয় এক হাজার ৫০০ টাকা পর্যন্ত। প্রতি কেজি কাতলা আকারভেদে ৪০০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত হাঁকেন বিক্রেতারা।
দাম কতটা বেড়েছে জানতে চাইলে টাউন হল বাজারের নিয়মিত ক্রেতা রায়হান কবির বললেন, কাতল মাছের দাম গত সপ্তাহের চেয়ে কমপক্ষে ১০০ টাকা বেড়েছে।
ওই বাজারের এক মাছ বিক্রেতা বললেন, ‘মাছ কিনা পড়ছে বেশি দামে, কেমনে কমে বেচুম?’ মাছের বাজারে ফরমালিনের ব্যবহার কমে আসা দাম বৃদ্ধির একটি কারণ বলে মনে করেন অনেক ক্রেতা।
ঢাকা মহানগর মাছ ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন শিকদার বললেন, ‘আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমাদের দেশি কোনো মাছে ফরমালিন নাই।’ তিনি বললেন, ‘অতিবৃষ্টির কারণে মাছের আড়তগুলোতে সরবরাহ অনেক কমে গেছে।’
মাছের দামের চিত্র নগরের অন্যান্য বাজারেও প্রায় একই।
দেশি পেঁয়াজ আগের মতোই ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৪৮ টাকা। আগের সপ্তাহে ৭০-৮০ টাকায় কেনা গেলেও গতকাল কাঁচা মরিচ বিক্রি হয় ১০০-১২০ টাকা কেজি। হঠাৎ দাম কেন বাড়ল—জানতে চাইলে কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী ইদ্রিস মিয়া জানালেন, ‘বৃষ্টি হইছে, পাইকারি বাজারে দাম বাড়তি, তাই বেশি দামে বেচতেছি।’
গতকাল প্রতি কেজি আলু ২৫ টাকা, লাল আলু ৩০, ভালো মানের লম্বা বেগুন ৮০-৯০, কিছুটা ছোট আকারের ৬০, গোল বেগুন ৬০, ঢ্যাঁড়স ৪০, শসা মানভেদে ৩০-৪০, করলা ৬০-৭০, টমেটো মানভেদে ৮০-১০০ টাকায় বিক্রি হয়।
তবে স্বাভাবিক আছে চিনি, ভোজ্যতেল, আদা, রসুন, ছোলা ও পোলাওয়ের চালের দাম। বিভিন্ন জাতের চালের দামও আগের মতোই আছে। এক মাস আগেও ধনিয়ার কেজি ১২০ থেকে ১৩০ টাকা থাকলেও এখন ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
সিটি করপোরেশন গরুর মাংসের দাম প্রতি কেজি ২৮০ টাকা নির্ধারণ করে দিলেও নগরের বেশির ভাগ বাজারে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।