মাছের দেশে মাছের খরা
মাছের বিস্তীর্ণ আবাস বলে খ্যাত মৌলভীবাজারের হাওরে মাছের চরম সংকট চলছে। বাজারে দুর্লভ হয়ে পড়েছে মাছ। মুক্ত জলাশয় থেকে আহরিত স্থানীয় জাতের মাছ প্রায় চোখেই পড়ে না আজকাল। সময়মতো বৃষ্টি না হওয়া ও তাপমাত্রার তারতম্যে ব্যাহত হচ্ছে প্রজনন। দীর্ঘ খরার কারণে এ বছর মাছের পেটেই নষ্ট হয়ে গেছে ডিম। তাই প্রাকৃতিক উপায়ে মাছের উৎপাদনেও লেগেছে খরা। মাছের এ সংকট আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হবে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে খুচরা মাছের সংকট। কলেজশিক্ষক স্বপন নাথ বলেন, ‘বাজারে দেশি জাতের মাছ নেই বললেই চলে। আছে ফিশারি ও দেশের বাইরে থেকে আমদানি করা মাছ। এ মাছ সংরক্ষণ করে বিক্রির প্রক্রিয়াও স্বাস্থ্যসম্মত নয়।’শহরের পশ্চিমবাজার এলাকার খুচরা মাছবিক্রেতা মহসীন মিয়া বলেন, ‘মাছের খুব শর্ট। আমরা মাছ কিনতে পাইরাম না। দাম দিয়া আনা লাগের। এর লাগি বেশি দামে বেচা লাগের।’কাওয়াদিঘি হাওরপারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি গ্রামের রণজিত দাস বলেন, ‘আমরার এলাকা মাছর এলাকা। কিন্তু এখন টাউন তাকি মাছ আইলে পরে আমরার বাজারো মাছ মিলে।’জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, বৃষ্টির পানিতে খাল-বিল-হাওর ভরে উঠলে ছোট জাতের মাছ ডিম ছাড়ে। মৌসুমের শুরুতে নামা ঢলের পানিতে সেই ডিম ছড়িয়ে পড়ে। তখন পুঁটি, টেংরাসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে। সেই মাছই এলাকার বিভিন্ন হাট-বাজারে দেখা যায়।জেলার কাওয়াদিঘি, হাকালুকি ও হাইল হাওরে একই অবস্থা বিরাজ করছে। এ ছাড়া হাওরগুলোতে ইজারাদারেরা অনেক বিল শুকিয়ে মাছ ধরেছেন। এতে অতিরিক্ত গরমে মাটির নিচ থেকেও বাইমজাতীয় মাছ বেরিয়ে এসেছে। ফলে ভবিষ্যতে এ জাতীয় মাছও পাওয়া যাবে না। খরার কারণে হাইল হাওরের অভয়াশ্রম বাইক্কা বিলের পানি শুকিয়ে যাওয়ায় অনেক মা-মাছ ধরে নিয়ে গেছে লোকজন। যে জন্য হাইল হাওরে এবার মাছের প্রজনন কমে যাবে।জেলা মৎস্য খামার ব্যবস্থাপক নৃপেন চন্দ্র দাস গত বুধবার প্রথম আলোকে বলেন, আগাম বৃষ্টি না হলে ডিম ছাড়তে পারে না মাছ। এ বছর আগাম বৃষ্টি না হওয়ায় ডিম এখনো রয়ে গেছে মাছের পেটে। এই ডিম আস্তে আস্তে মাছের পেটেই শুকিয়ে যাবে। এখন বৃষ্টি হলেও আর ডিম ছাড়বে না। অন্যদিকে মাস দেড়েক আগে সামান্য বৃষ্টিপাত হলে হঠাৎ করে তাপমাত্রা অনেক কমে প্রায় শীতকালের মতো অবস্থার সৃষ্টি হয়। ডিম ছাড়ার সময় এ রকম ঠান্ডা পড়ায়ও মাছ ডিম ছাড়তে পারেনি।তিনি জানান, ফিশারির পুকুরগুলোতেও পর্যাপ্ত পানি না থাকায় মাছের পোনা ছাড়তে পারছেন না খামারিরা। এতে শুধু এ মৌসুমেই নয়, মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন হ্রাস পাওয়ায় আগামী বছরেও মাছের সংকট হবে।মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘গত বছর আগাম বৃষ্টির কারণে মাছের উৎপাদন ভালো ছিল। ঢল না হওয়ায় প্রাকৃতিক জলাশয়ে এবার মাছের উৎপাদন কম হবে।’