মাছের পোনা বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মৎস্য অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ২৪ আগস্ট মাছের পোনা বিতরণ করার কথা থাকলেও ঈদের দুই দিন আগে ২৯ আগস্ট তড়িঘড়ি করে বিতরণ করা হয়। এতে উপজেলার ৩২টি প্রকল্পের জন্য ১০ থেকে ১৪ ইঞ্চি দীর্ঘ রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্পের ৬১১ কিলোগ্রাম (কেজি) পোনা বিতরণ করার কথা। কিন্তু মাত্র তিন-চার ইঞ্চি দীর্ঘ অল্প কিছু রুই ও সিলভার কার্পের পোনা বিতরণ করা হয়েছে। যে প্রকল্পে ২০ কিলোগ্রাম (কেজি) পোনা দেওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছে মাত্র ১০ কেজি করে। ১৮ কেজির স্থলে দেওয়া হয়েছে নয় কেজি। এ ছাড়া এমন কিছু প্রতিষ্ঠানের নামে প্রকল্প দেখিয়ে মাছের পোনা নেওয়া হয়েছে, যার কোনো হদিস পাওয়া যায়নি।সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ঠেঙ্গামারা আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ৪৮ কেজি পোনা বরাদ্দ হলেও তাদের স্লিপে ৩২ কেজি দেখিয়ে ওজনে কম দিয়ে মাত্র ২০ কেজি পোনা দেওয়া হয়। ঠেঙ্গামারা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির পুকুরের নাম দেখিয়ে ২০ কেজি মাছের পোনা নেওয়া হলেও এই নামে কোনো প্রতিষ্ঠান বা প্রকল্পের সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া আকনবাড়ি জামে মসজিদের পুকুর, শশীকর আশ্রমের পুকুর, লক্ষ্মীপুর বাজার জামে মসজিদ, কাশেম মৃধার বাড়ির পুকুরসহ একাধিক ভুয়া প্রকল্প দেখিয়ে মাছের পোনা নেওয়া হয়েছে।এ ব্যাপারে ঠেঙ্গামারা আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক শিউলী বেগম বলেন, ‘আমাদের নামে ৪৮ কেজি পোনার বরাদ্দ ছিল। কিন্তু স্লিপ পাইছি ৩২ কেজির। আর মাছ দেওয়ার সময় দিছে মাত্র ২০ কেজি।’ সভাপতি শাহজাহান বেপারী জানান, ‘৩২ কেজির স্লিপ থাকলেও ওজনের সময় পালা দিয়ে না মেপে পট দিয়ে মেপে ওজনে কম দিয়েছে। তাতে মনে হয় ১৫-২০ কেজি হবে।’ উত্তর ঠেঙ্গামারার মিলন সরদার, ব্যবসায়ী জহিরুল ইসলাম ও কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকমল হোসেন বেপারীসহ কয়েকজন জানান, ঠেঙ্গামারা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির পুকুরের নাম দেখিয়ে মাছের পোনা নেওয়া হয়েছে। অথচ এ নামে কোনো প্রতিষ্ঠান এমনকি পুকুর নেই। তাহলে মাছগুলো গেল কোথায়? এ রকম একাধিক ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রকল্প দেখিয়ে মাছের পোনা নেওয়া হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত গত মঙ্গলবার মুঠোফোনে বলেন, ‘আমি একটা পারিবারিক অনুষ্ঠানে আছি। অফিসিয়াল কথা অফিসে এসে বলব।’মৎস্য বিতরণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়াজ বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।