
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতের উন্নয়নে আরও তৎপর হতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্য চাষ ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সব প্লাবন এলাকা ও প্রাকৃতিক জলাশয়ে সব জাতের মাছ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ ক্ষেত্রে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন। খবর বাসসের।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে অনেক নিচু ও প্লাবন এলাকা এবং পুকুর ভরাট হয়ে গেছে। বছরের পর বছর কীটনাশক, নগরায়ণ ও শিল্পদূষণ, অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণের ফলে মাছের আবাস ও প্রজনন এলাকা সংকুচিত হয়ে পড়েছে।
মৎস্য সপ্তাহের চলতি বছরের প্রতিপাদ্য ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, মাছ চাষই সমাধান’ খুবই সময়োপযোগী বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাছের প্রাকৃতিক উৎপাদন দিন দিন বাড়ছে। বর্তমানে ৩০ শতাংশ মাছের উৎপাদন প্রাকৃতিকভাবে হচ্ছে।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার মৎস্য খাতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এ প্রসঙ্গে তিনি সরকারি জলাশয় ব্যবস্থাপনা নীতি-২০০৯, মৎস্য হ্যাচারি আইন-২০১০ সহ মৎস্য খাতের উন্নয়নে তাঁর সরকার প্রণীত বিভিন্ন আইন কার্যকরের কথা উল্লেখ করেন।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ সমাধানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর ফলে এক লাখ ১১ হাজার ৬৩১ বর্গকিলোমিটারের ওপর বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সরকার মৎস্য সম্পদের উন্নয়ন ও এর বিকাশে এই বিস্তীর্ণ এলাকা কাজে লাগাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য প্রায় দুই লাখ জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সচিব সেলিনা আফরোজ উপস্থিত ছিলেন।
দারিদ্র্য দূরীকরণ প্রকল্প বাস্তবায়নে আইএমএফের প্রশংসা: দারিদ্র্য দূরীকরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থায়নের প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করায় সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছে আইএমএফ। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে বৈঠকে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাওইউকি শিনোহারা এ প্রশংসা করেন।
শিনোহারা বলেন, ‘বাংলাদেশে আইএমএফের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে আমরা খুবই সন্তুষ্ট। এর ফলে ভবিষ্যতে সহজ শর্তে বাংলাদেশকে এ খাতে আরও ঋণ দেওয়া যাবে।’