মাছের বদলে জালে উঠে এল কুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে পদ্মায় এক জেলের জালে ধরা পড়ে এই কুমির। ছবি: প্রথম আলো
নাটোরের লালপুরে পদ্মায় এক জেলের জালে ধরা পড়ে এই কুমির। ছবি: প্রথম আলো

পদ্মায় মাছ ধরার সময় এক জেলের জালে উঠে এসেছে প্রায় ছয় ফুট লম্বা একটি কুমির। আজ বুধবার সকালে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর এলাকায় আনারুল ইসলাম নামের এক জেলের জালে কুমিরটি ধরা পড়ে। বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের ধারণা, এটি মিঠা পানির কুমির। এর আগে পদ্মায় কখনো এ ধরনের কুমির দেখা যায়নি।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে জেলেরা প্রতিদিনের মতো নওসারা সুলতানপুর এলাকায় পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় জেলে আনারুল ইসলামের জালে ওই কুমিরটি আটকা পড়ে। পরে অন্য জেলেদের সহায়তায় কুমিরটি উপজেলার বিলমাড়িয়ার নাগশোষা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানকার ছোট একটি পুকুরে প্রাণীটিকে রাখা হয়।

নাটোরের লালপুরে পদ্মায় এক জেলের জালে ধরা পড়ে এই কুমির। ছবি: প্রথম আলো
নাটোরের লালপুরে পদ্মায় এক জেলের জালে ধরা পড়ে এই কুমির। ছবি: প্রথম আলো

খবর পেয়ে সহস্রাধিক মানুষ কুমিরটি দেখার জন্য সেখানে ছুটে আসে। এক এক করে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, রাজশাহী বন বিভাগের বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট কর্মকর্তা সোহেল রানা সেখানে উপস্থিত হন। তাঁরা কুমিরটিকে পর্যবেক্ষণ করে পদ্মা নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিকেল চারটার দিকে এলাকাবাসীর সহায়তায় কুমিরটিকে বিলমাড়িয়া এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
বন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, কুমিরটির দৈর্ঘ্য ছয় ফুট, ওজন প্রায় ৩৫ কেজি। বাদামি রঙের ডোরাকাটা এই কুমিরটি মিঠা পানির বলে তাঁর ধারণা। তিনি জানান, গত বর্ষায় ফারাক্কার ফটক খুলে দেওয়ায় হয়তো কুমিরটি ভারত থেকে এসেছে। এ ধরনের কুমির এর আগে কখনো পদ্মা নদীতে দেখা যায়নি।