মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানার মালামাল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় মাছের ভেজাল খাদ্য তৈরির একটি কারখানার মালামাল ও যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির পরিচালকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।র‌্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মাহফিজুর রহমান জানান, উপজেলার ঝিকরা ইউনিয়নের মদাখালীতে ভুয়া কাগজপত্র ব্যবহার করে শামসুল হক ফিস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান মাছের ভেজাল খাদ্য তৈরি করে আসছিল। গত ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই কারখানায় অভিযান চালায়। তারা এসব পণ্য তৈরির কাগজপত্র দেখতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় কিছু মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। পরে জব্দ করা মালামাল পরীক্ষার জন্য ময়মনসিংহ পাঠানো হয়।পরীক্ষায় এসব মালামাল ভেজাল প্রমাণিত হয়। গত সোমবার পরীক্ষাগারের এ-সংক্রান্ত প্রতিবেদন র‌্যাবের হাতে পৌঁছায়। প্রতিবেদন পাওয়ার পর গতকাল মঙ্গলবার সকালে র‌্যাব ভবানীগঞ্জ বাজার থেকে প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর আলমকে (৩২) আটক করে। পরে দুপুরে তাঁকে নিয়ে কোম্পানির মদাখালীর কারখানায় যাওয়া হয়। তাঁর উপস্থিতিতে র‌্যাব, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের লোকজন কারখানায় থাকা সব মালামাল জব্দ করেন। পরে কিছু মালামাল মাটিতে পুঁতে ফেলা হয় এবং বাকিগুলো পানিতে ফেলে নষ্ট করা হয়। এ ছাড়া কারখানায় ব্যবহূত যন্ত্রপাতিও নষ্ট করা হয়।এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাগমারার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ মো. রেজাউর রহমান এ রায় দেন। টাকা পরিশোধের পর পরিচালককে ছেড়ে দেওয়া হয়েছে।