মাছের মেলা ঘিরে উৎসবের আমেজ
হাওর, খাল-বিল ও নদ-নদীর তাজা মাছে পরিপূর্ণ ছিল হবিগঞ্জের পইলের মাছের মেলা। মাছ কিনতে ও দেখতে মেলা প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিল না। গতকাল শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই মেলা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় শত বছর আগে থেকে এই মাছের মেলা মাঘ মাসের ১ তারিখে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে বসানো হচ্ছে। এই গ্রামের বাসিন্দারা এর আয়োজক। এবার এই মেলা ঘিরে পইল গ্রামে উৎসবের আমেজ ছিল।
গতকাল বিকেলে সরেজমিনে মেলা প্রাঙ্গণে হাজারো মানুষ দেখা গেছে। হবিগঞ্জ জেলা সদরের শায়েস্তানগর থেকে পইল গ্রাম পর্যন্ত ছিল যানজট। মেলায় শুধু হবিগঞ্জের ভাটি এলাকার হাওর, বিল বা নদ-নদীর মাছই নয়; জেলার বাইরে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, পাশের ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবের মৎস্য আড়ত থেকেও ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে আসেন। এখানে রুই, কাতল, চিতল, আইড়, বাঘাড়, বোয়ালসহ নানা জাতের মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
পইল গ্রামের বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘এই মেলাকে ঘিরে আমাদের প্রতিটি বাড়িতে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনেরা এসেছেন বেড়াতে। খাওয়াদাওয়ার ধুম এবং তাঁদের এই আগমনে উৎসবে পরিণত হয়েছে পুরো গ্রাম।’
মেলার আয়োজক কমিটির সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক বলেন, প্রতিবছর এ মেলার জন্য অপেক্ষায় থাকে মানুষ। জেলার বাইরে থেকেও অনেকই আসেন এই মেলা দেখতে। গ্রামের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে এই মেলা পরিচালনা করা হয়।