মাছের মেলায় চমক
পৌষসংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে। মাছের মেলা বলেই হয়তো মেলায় ছিল নানা জাতের, নানা আকারের মাছের চমক। দাম অনেকের নাগালে না-ই থাক, তবু মাছ দেখে আশ মিটিয়েছেন অনেক দর্শকই। প্রতিবছর পৌষের শেষ দিনে এই মাছের মেলা হয়ে থাকে।গত বৃহস্পতিবার বিকেল থেকে মাছের আড়তে পাইকারি মাছ বিক্রি শুরু হয়। সারা রাত ও গতকাল দুপুর পর্যন্ত মাছ বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতারা আড়ত থেকে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রির জন্য মাছ নিয়ে গেছেন। তবে মাছ বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, এবার মাছের চাহিদা অনুযায়ী জোগান ছিল অনেক কম। হাওর-বাঁওড় ও নদীর মাছ কম ছিল। বেশির ভাগই ছিল মৎস্য খামারের উৎপাদিত। কুশিয়ারা নদীর বড় বাঘাড় মেলার অন্যতম আকর্ষণ ছিল। সারা বছর ধরে মাছের মেলার জন্য নদীর বিভিন্ন এলাকা সংরক্ষণ করে রাখা হয়, যাতে মাছের মেলার সময় বড় আকারের বাঘাড়, বোয়াল ও চিতল পাওয়া যায়। কিন্তু এবার সে রকম মাছ মেলেনি। যে বড় বাঘাড়টি মেলায় উঠেছিল, সেটি ছিল এলাকার বাইরে থেকে আসা। মাছ ব্যবসায়ী ছামাদ মিয়া প্রায় ৬২ কেজি ওজনের বাঘাড় মাছটির দাম হাঁকেন ৮৫ হাজার টাকা। অন্যদিকে ছিল বোয়াল, চিতল, আইড়, রুই, কাতলের ঝলমলে রূপ। পরিমাণে কম হলেও একসঙ্গে অনেক রকমের অনেক বড় মাছ দেখার চমক ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাছের মেলায় ৩০-৩৫ কেজি ওজনের বোয়াল উঠেছিল। তবে তা ছিল হাতে গোনা। এবার মাছের দামও ছিল চড়া। শেরপুরের মাছের আড়ত মেঘনা ফিশের মিজানুর রহমান বলেন, ‘কুশিয়ারা নদীর মাছ কমে গেছে। খামারের মাছই বেশি। বড় বাঘাড়টিও ছিল এলাকার বাইরের। তাছাড়া এবার মাছের দাম ছিল বেশি। গতবার যে বোয়াল ছিল ১০ হাজার টাকা, এবার সেটি বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা।’ মিজানুর জানান, এবার বেশির ভাগ মাছ এসেছে খুলনা, নাটোর, রাজশাহী অঞ্চল থেকে। অন্যান্য বছর সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের হাওর, কুশিয়ারা ও সুরমা নদীর মাছই বেশি থাকত। এ বছর ২৪টি আড়ত ছিল মেলায়। দুই শতাধিক খুচরা মাছের দোকান ছিল। সাকল্যে প্রায় কোটি টাকার মাছ বেচাবিক্রি হয়েছে। জানা যায়, আগে মনুরমুখ নামক স্থানে মাছের মেলা হতো। তারপর হামরকোনা এলাকায় বসত মেলা। এখন অনেক বছর ধরে শেরপুরে কুশিয়ারা নদীর পাড়ে মেলা হচ্ছে। এটি মূলত মাছের মেলা হলেও অন্যান্য জিনিসপত্রের কমতি ছিল না মেলায়। খই-মুড়কি, ফল-মূল, সবজি-আনাজ ছাড়াও শিশুর খেলনা, প্রসাধনী, সাংসারিক প্রয়োজনের কাঠ ও বেতের তৈরি আসবাব, লোহার তৈরি নানা ররকম পণ্য এবং কৃষিকাজের সামগ্রী ছিল মেলায়। তীব্র শীত উপেক্ষা করে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু ও নানা বয়সের মানুষ মেলায় ভিড় করেন।