মাছের মেলায় মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী হাটে মাছের মেলায় গতকাল শনিবার মানুষের ঢল নেমেছিল। প্রতিবছর নবান্ন উৎসব উপলক্ষে এখানে মাছের মেলা বসে। সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নানা প্রজাতির দেশি মাছ নিয়ে ব্যবসায়ীরা এখানে হাজির হন। ক্রেতা বেশি থাকায় বিক্রিও হয় ভালো।এ মেলাকে কেন্দ্র করে আশপাশের ১৭ গ্রামে উৎসবের আমেজ থাকে। জামাতারাও এ সময় শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। সরেজমিনে দেখা গেছে, মেলায় ক্রেতাদের ভিড়। সেই ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। মেলার ভেতরে খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে তার ওপর অনেক জাতের ছোট-বড় মাছ রাখা হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চলছে দর-কষাকষি। এরপর দাম ঠিক হলে ক্রেতা খুশি মনে হাতে করে মাছ নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। মেলায় এক কেজি থেকে নয় কেজি পর্যন্ত ওজনের বিভিন্ন জাতের মাছ উঠেছিল।মাছ ব্যবসায়ীরা জানান, মাছের এ মেলার জন্য সারা বছর নীরব একটা প্রস্তুতি থাকে তাঁদের। এলাকার এবং পাশের জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার বেশ কিছু পুকুরে এ মেলার জন্য মাছ চাষ করা হয়। মেলার আগ মুহূর্তে এসব পুকুর থেকে মাছ ধরা হয়।মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪০) জানান, গত বছরের তুলনায় এবার বিক্রি ভালোই হয়েছে। মানুষের কেনাকাটায় ঘাটতি নেই। প্রায় ৫০ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেও নিশ্চিন্ত হাসি হেসে বলেন, ‘লাভ এবার ভালোই হবে।’ পাইকপাড়া গ্রামের রবিউল ইসলাম জানান, উথলীর মাছের মেলা এখন তাঁদের ঐতিহ্য হয়ে গেছে। মাছের মেলায় না এলে কোথাও একটা অপূর্ণতা থেকে যায়। হয়তো এ কারণেই দূর-দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে মাছের মেলায়।