মাছের রাজ্যেও আঞ্চলিক ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এলাকাভেদে মানুষের কথাবার্তার ধরন আলাদা হয়। দেখা যায়, তাদের ভাষা এক হলেও উচ্চারণ ভিন্ন। এ রকম বৈশিষ্ট্য নাকি মৎস্যকুলেও আছে। যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী গত বুধবার বলেছেন, ঠান্ডা পানির মাছ প্রজাতি যে রকম আওয়াজ করে পারস্পরিক যোগাযোগ রক্ষা করে, তাতেও নাকি পার্থক্য আছে। আর সেটা এক অঞ্চলের মাছের সঙ্গে অন্য অঞ্চলের মাছের হুবহু মেলে না।

এক্সিটার বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিদ্যার অধ্যাপক স্টিভ সিম্পসন ওই গবেষণায় নেতৃত্ব দেন। তিনি বলেন, আমেরিকান কড মাছের একটি প্রজাতি আছে, যারা একধরনের স্বর বা আওয়াজের মাধ্যমে যোগাযোগ করে থাকে। শত শত বছর ধরে এরা বংশানুক্রমিকভাবে সাগরতলের নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা। গবেষণায় দেখা গেছে, এই মাছগুলোও পাখি, ভালুক বা অন্যান্য প্রাণীর মতো নানা রকমের আওয়াজ করতে পারে। একেক এলাকার মাছের আওয়াজ একেক রকমের হয়ে থাকে।

সামুদ্রিক প্রাণীর আওয়াজ-বিশারদ সিম্পসন আরও বলেন, এই আওয়াজের মাধ্যমে পুরুষ কড মাছ বিপরীত লিঙ্গের মাছকে আকর্ষণ করে। প্রজননের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ সরকারই ওই গবেষণার অর্থায়ন করেছে। মানুষের তৈরি বিভিন্ন যান্ত্রিক আওয়াজে প্রাণিকুলের কী কী ক্ষতি হচ্ছে, তা যাচাই করে দেখাই ছিল গবেষণাটির লক্ষ্য। সিম্পসন বলেন, সাগরে শব্দদূষণের ফলে কড মাছগুলো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। তাদের আওয়াজেও এই প্রভাব লক্ষণীয়। সাগরের পানি বাতাসের চেয়ে শতগুণ বেশি ঘন। তাই পানির নিচের শব্দ অনেক বেশি দ্রুত ও দূরে প্রবাহিত হয়। প্রবাল প্রাচীরের মাছ বাইরের শব্দদূষণের ফলে ক্ষতিগ্রস্ত হয় বলে প্রমাণ মিলেছে।