মাছে-মসলায় কুর্শা কাজীপাড়াবাসী
একসময় যে গ্রামজুড়ে দেখা যেত ধানখেত, এখন সেখানে চারদিকে চোখে পড়ে পুকুর। যাঁরা একসময় দিনমজুরি দিতেন, তাঁরা এখন শুধু স্বাবলম্বীই নন, সচ্ছল গৃহস্থ। তাঁদের জীবনে মাছ চাষ এনে দিয়েছে এই সুখ, সচ্ছলতা।
মাছের খামার আর মসলাজাতীয় ফসলে ঘেরা ওই গ্রামের নাম কুর্শা কাজীপাড়া। গ্রামবাসীর ভাগ্যবদলের পেছনে রয়েছেন ওই গ্রামের আজহারুল ইসলাম নামের এক যুবক। জীবনসংগ্রামে তাঁর সাফল্য গ্রামের মানুষকে ক্রমশও টেনে এনেছে মাছ চাষের দিকে। গ্রামের অধিকাংশ মানুষই এখন মাছ চাষের সঙ্গে জড়িত। আর রয়েছে হলুদ, মরিচের মতো মসলার আবাদ।
তারাগঞ্জ উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দক্ষিণে ওই গ্রামের অবস্থান। গ্রামের এখানে-ওখানে অসংখ্য পুকুর আর মাঠজুড়ে আদা, হলুদ, মরিচ আর সবজিখেত। সরেজমিনে দেখা যায়, নারী-পুরুষনির্বিশেষে সবাই কাজে ব্যস্ত। প্রতিটি বাড়িতে রয়েছে স্বাস্থ্যসম্মত পায়খানা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।
আজহারুলের বাড়ির উঠানে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, বাবা আফতাব উদ্দিন ২০০০ সালে মারা যাওয়ার সময় ৫০ শতকের একটি পুকুর ছাড়া আর কিছু রেখে যাননি। পুকুরটিও অন্যের কাছে বন্ধক দেওয়া ছিল। বড় ভাইয়েরা আলাদা হয়ে গেলে মাকে নিয়ে বিপাকে পড়েন আজহারুল। একসময় পাশের সয়ার ইউনিয়নের এক মৎস্য খামারে কাজ নেন। সেখানে এক বছর কাজের সময় মাছ চাষের কৌশল শেখেন তিনি। কিছু টাকা জমিয়ে বাবার বন্ধক দেওয়া পুকুরটি ছাড়িয়ে নেন। সেখানে রুই, কাতলা, সরপুঁটির পোনা ছাড়েন। প্রথম বছরেই লাভ ৪৫ হাজার টাকা। শুরু করেন পোনা বিক্রির ব্যবসাও। মাছ ও পোনা বিক্রির টাকায় তিনি এলাকায় ৪০ শতক জমি কিনেছেন। তাঁর এখন মাসিক আয় ১০ হাজার টাকা।
আজহারুলকে দেখে গ্রামটির অনেকে মাছ ও পোনা বিক্রির ব্যবসা শুরু করেন। গ্রামের কৃষক আবদুর রহমান তাঁর এক একর জমিতে শুধু ধান চাষ করে নয় সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতেন। ২০০৮ সালে ৫০ শতক জমিতে একটি পুকুর খনন করে মাছ এবং বাড়ির পাশে হলুদ, আদা, বেগুনের চাষ করে এক বছরে ৮০ হাজার টাকা আয় করেন। এখন দুটি পুকুরে মাছের চাষ করে বছরে লাখ টাকা আয় করছেন।
কুর্শা কাজীপাড়ার বাসিন্দা ইউপি সদস্য মনির হোসেন বলেন, মাছের পাশাপাশি এখানকার মানুষ মসলা চাষের দিকেও ঝুঁকে পড়েছেন। তাঁরা দেখেছেন, এক একর জমিতে ধান চাষে ব্যয় হয় ১৪-১৫ হাজার টাকা। এ ধান বিক্রি হয় ২৪-২৬ হাজার টাকা। কিন্তু এক একরে আদা চাষ করতে ব্যয় হয় ৫০ হাজার টাকা। উৎপাদিত আদা বিক্রি হয় দুই থেকে তিন লাখ টাকা।