মাজার পরিচালনা নিয়ে দুই সাংসদের বিতণ্ডা
ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দুই সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী ও আসলামুল হকের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়েছে। মিরপুরের শাহ আলী মাজার পরিচালনা নিয়ে তাঁরা এ বিতণ্ডায় লিপ্ত হন।
আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ ঘটনা ঘটে। পরে কমিটির সভাপতি বজলুল হক হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বৈঠক সূত্র জানায়, ওয়াকফ প্রশাসন মিরপুরের শাহ আলী মাজারের সম্পত্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে তদন্ত করার জন্য চট্টগ্রাম-২ আসনের সাংসদ নজিবুল বশরকে প্রধান করে একটি কমিটি গঠন করে। ওই কমিটিতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সাংসদের প্রতিনিধিসহ আরও কয়েকজনকে রাখা হয়। এই সিদ্ধান্তে নাখোশ হন ঢাকা-১৪ আসনের সরকারি দলের সাংসদ আসলামুল হক। আজকের বৈঠকে তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, ‘আমি ওই এলাকার সাংসদ। আমাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো?’ একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে নজিবুল বশরকে কটাক্ষ করে বক্তব্য দেন।
এ পর্যায়ে কমিটির সভাপতি আসলামুল হককে উদ্দেশ করে বলেন, ‘এখানে সবাই সংসদ সদস্য। সবার মর্যাদা সমান। আপনার কিছু বলার থাকলে শান্তভাবে বলেন।’
জানতে চাইলে নজিবুল বশর মাইজভান্ডারী সাংবাদিকদের বলেন, ‘আসলাম সাহেব মাজার কমিটির সভাপতি ছিলেন। ওই কমিটি আদালত বাতিল করে দিয়েছে। তিনি এখন দাবি করছেন, সুপ্রিম কোর্টে আপিল করেছেন। কিন্তু আপিল বিভাগ তো কোনো স্থগিতাদেশ দেননি। এর আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দিয়ে কমিটি করা হয়েছিল। তাঁরা সেখানে ঢুকতেই পারেননি।’
আসলামুল হক বলেন, ‘ওয়াকফ স্টেট আইনের কিছু বিষয় মাইজভান্ডারী সাহেব বুঝতে সময় নিয়েছেন। তেমন কিছু ঘটেনি। আমরা তো দুজনেই সংসদ সদস্য।’
আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন এ কে এম এ আউয়াল, মকবুল হোসেন, আমীর হোসেন ও দিলারা বেগম। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।