মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নারী নিহত
বাগেরহাটে হজরত খান জাহান (র.)-এর মাজারের দিঘির কুমিরের আক্রমণে মরিয়ম বেগম (৪০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে দিঘির পশ্চিমপাড়ে শাহাদাত ফকিরের বাড়ির ঘাটে এই ঘটনা ঘটে।মরিয়ম বেগম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামের আয়ুব আলীর মেয়ে। তিনি ওই মাজারের একজন ভক্ত এবং প্রায়ই মাজারে আসা-যাওয়া করতেন। মাজারের খাদেম মোস্তফা ফকির জানান, মরিয়ম শনিবার রাতে শাহাদাত ফকিরের বাড়ির অতিথি কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর পাঁচটার দিকে তিনি ঘুম থেকে উঠে দিঘির ঘাটে হাত মুখ ধুতে যান। এ সময় আকস্মিকভাবে দুটি কুমির দুই দিক থেকে তাঁর পা কামড়ে ধরে পানির ভেতরে টেনে নিয়ে যায়। তাঁর চিৎকারে আশপাশের কয়েকজন লোক ছুটে এলেও তাঁরা মরিয়মকে উদ্ধার করতে পারেননি। পরে পুলিশ এসে সকাল নয়টার দিকে ঘাটের পাশের কচুরির ঝোপের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, কুমির মরিয়মের দুই পায়ের বেশ কিছু অংশের মাংস খেয়ে ফেলেছে। সকাল ১০টার দিকে লাশ তাঁর বোন সালেহার কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।