মাজারের দেড় লাখ টাকা লুট, হামলায় আহত ৩
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভজিটিলা এলাকায় একটি মাজার থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে জুড়ী থানায় মামলা হয়েছে। মামলার এজাহার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ভজিটিলার শাহ্ জোবেদ আলীর (র.) মাজারে বৃহস্পতিবার বার্ষিক ওরস অনুষ্ঠান চলছিল। ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় ভবানীপুর গ্রামের বাসিন্দা আনা মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত বন্দুক এবং ধারালো অস্ত্র নিয়ে মাজারের পাশে অবস্থিত কার্যালয়ে ঢুকে ‘ক্যাশবাক্স’ কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা ওরস পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম (২৯), কোষাধ্যক্ষ আবদুল মুহিত (২৮) ও মনির আলীর (৪৫) ওপর হামলা চালায়। পরে দুর্বৃত্তরা ক্যাশবাক্স ভেঙে প্রায় দেড় লাখ টাকা লুট করে সটকে পড়ে। খবর পেয়ে রাত সোয়া দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওরস পরিচালনা কমিটির সদস্য সাইফুর রহমান বাদী হয়ে গতকাল বেলা একটার দিকে আনাসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেন। জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান গতকাল বেলা দুইটার দিকে প্রথম আলোকে জানান, লুট হওয়া টাকা উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও আনা মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।