মাজেদ আক্রোশ থেকে নাম বলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান থেকে আসা অস্ত্র ও গুলি সঠিক সময়ে ভারতে পাঠাতে না পারায় ব্যক্তিগত আক্রোশ থেকে জঙ্গিনেতা আবদুল মাজেদ ভাট জবানবন্দিতে মুন্সী মহিবুল্লাহর নাম উল্লেখ করেছেন বলে দাবি করেছেন মহিবুল্লাহর আইনজীবী সাইফুর রশিদ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ দাবি করেন।

মাজেদ ভাট পাকিস্তানের আজাদ কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। আর মুন্সী মহিবুল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা ও অন্য একটি মামলায় ইতিমধ্যে ফাঁসি কার্যকর হওয়া মুন্সী আবদুল হান্নানের ছোট ভাই।

গতকাল সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আশরাফুল আলম, জঙ্গিনেতা মুফতি শফিকুর রহমানের পক্ষে আইনজীবী মাজহারুল কুদ্দুস, জঙ্গিনেতা মাওলানা লিটনের পক্ষে আইনজীবী আলী আবদুল্লাহ বাতেন ও জঙ্গিনেতা ইকবালের পক্ষে আইনজীবী মাহবুবুল আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তাঁরা এই আসামিদের খালাস দেওয়ার দাবি করেন।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা দুটির বিচারকাজ চলছে। গতকাল চারজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মহিবুল্লাহর পক্ষে আংশিক যুক্তিতর্ক শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বাকি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন।

মাওলানা তাজউদ্দিনের আইনজীবী আশরাফুল আলম বলেন, মামলার এজাহারে তাজউদ্দিনের নাম নেই। ২১ আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আবদুল মাজেদ ভাট বিদ্বেষবশত জবানবন্দিতে তাজউদ্দিনের নাম জড়িয়েছেন।

মহিবুল্লাহর আইনজীবী সাইফুর রশিদ বলেন, মাজেট ভাট বিদ্বেষবশত মহিবুল্লাহর নাম বলেছেন। মহিবুল্লাহর নাম এজাহারে নেই। এ পর্যায়ে বিচারক বলেন, ‘আপনি বিদ্বেষ কেন বলছেন, এর ব্যাখ্যা কী?’ তখন সাইফুর রশিদ বলেন, ‘ভারতে কামরুল গ্রেপ্তার হওয়ার পর মাওলানা তাজউদ্দিন সময়মতো অস্ত্র না পাঠানোয়, গ্রেপ্তার ব্যক্তিকে ছাড়াতে টাকা না পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে মাজেদ ভাট ব্যক্তিগত আক্রোশ থেকে জবানবন্দি দিয়ে থাকতে পারেন। তাই বিদ্বেষমূলক বলেছি।’

বিচারক বলেন, আপনি ফৌজদারি কার্যবিধির ওপর বলে অনেক সময় নষ্ট করেছেন। আপনার তো এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক বিষয় বলার আছে। একটা কথা মনে রাখবেন, আরগুমেন্টে যদি সুতা গোছাতে গোছাতে সুতার মাথা হারিয়ে ফেলেন, তাহলে হবে না। এক দিকে যান তো আরেক দিক ফাঁকা হয়ে যাবে। এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, আসামিপক্ষ সময়ক্ষেপণ করছেন। বিচারক বলেন, সময় নষ্ট না বলে বলব আপনারা আরও গুছিয়ে প্রস্তুত হয়ে আসবেন।