মাঝ পদ্মায় লঞ্চের তলা ফেটে পানি চালকের জন্য রক্ষা
মাঝ নদীতে লঞ্চের তলা ফেটে গেলেও চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে দুই শতাধিক যাত্রী। মাওয়া-কাওরাকান্দি নৌপথে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।যাত্রী ও লঞ্চের কর্মচারীদের ভাষ্যমতে, গতকাল বেলা ২টায় মাওয়াঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ‘এমএল সাথী’ লঞ্চটি কাওরাকান্দির উদ্দেশে যাত্রা করে। মাঝ পদ্মায় পৌঁছানোর পর দ্বিতল লঞ্চটির তলা ফেটে নিচতলায় (ডেকে) পানি ঢুকতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নাকাটি করতে থাকে।যাত্রীরা চিৎকার শুরু করলে লঞ্চের কর্মচারীরা বালতিসহ বিভিন্ন পাত্র দিয়ে সেচে পানি সরানোর চেষ্টা করেন। এ সময় চালক আনসার আলী দ্রুত চালিয়ে শিবচরের কাঁঠালবাড়ির কবুতরখোলা ও লৌহজংয়ের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে লঞ্চটি তুলে দেন। এরপর যাত্রীরা দ্রুত লঞ্চ থেকে নেমে চরে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে মেসার্স নেছারাবাদ ওয়াটার ওয়েজ, পিনারা-৬ নামের দুটি লঞ্চ ও একাধিক ট্রলার যাত্রীদের উদ্ধার করে কাওরাকান্দি নিয়ে আসে। যাত্রীদের অভিযোগ, লঞ্চটির ফিটনেস সনদ ছিল না। এ কারণে হঠাৎ তলা ফেটে পানি উঠে লঞ্চটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। লঞ্চযাত্রী লাভলু মিয়ার ভাষ্যমতে, লঞ্চটি ঘাট থেকে যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই মাঝ পদ্মায় চলে যায়। ঠিক তখনই তলানি ফেটে পানি ঢুকতে থাকে। তিনি বলেন, ভাগ্য ভালো চালক চরে ঠেকিয়ে সবার জীবন রক্ষা করেছেন। আরেক যাত্রী সোনিয়া বেগম অভিযোগ করেন, লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। লঞ্চটির চালক আনসার আলী বলেন, ‘লঞ্চটির তলায় একটি ছোট ছিদ্র ছিল। তবে গতকাল প্রচণ্ড ঢেউয়ের আঘাতেই তলা ফেটে যায়।’