মাঝ রাস্তায় হঠাৎ আগুনের শিখা
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান সড়কের প্রায় মাঝখানে হঠাৎ করে আগুনের শিখা কয়েক ফুট ওপরে উঠতে দেখা গেছে। প্রায় ১৫ মিনিট ধরে এভাবে আগুনের শিখা জ্বলতে থাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে কেউ হতাহত হয়নি। গ্যাসের লাইন ছিদ্র হয়ে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
সন্ধ্যা ছয়টার দিকে ফার্মগেটের আল-রাজী হাসপাতাল-সংলগ্ন কনকর্ড সেন্টার ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ওই ভবনের দোতলায় সন্ধ্যা সাড়ে সাতটায় একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতির কথা থাকায় ওই এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। কিন্তু হঠাৎ করে এভাবে আগুনের শিখা বের হওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভান।
সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছিদ্র দিয়ে তখনো গ্যাস বের হচ্ছিল। যে লাইনে ছিদ্র সে জায়গায় চার কোনা আকৃতির গর্ত খোঁড়া আছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাদা ও রাস্তার ভাঙা অংশ।
তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জরুরি) রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের হয়ে একটি প্রতিষ্ঠানের কয়েকজন লোক সকালে ইন্টারনেটের কেবল মেরামতের জন্য ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা কেবল চিহ্নিত করার জন্য খোঁড়াখুঁড়ি করতে গিয়ে সকালের দিকে গ্যাসের লাইন ছিদ্র করে ফেলেন। সন্ধ্যার দিকে খবর পেয়ে তিতাস গ্যাসের লোকজন সেখানে গিয়ে ছিদ্রের অবস্থান চিহ্নিত করার জন্য চার কোনা করে গর্ত খোঁড়ে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে আগুনের শিখা বের হয়।
রবিউল বলেন, সম্ভবত আশপাশের কোনো পথচারী বা যানবাহনের যাত্রীর কোনো সিগারেটের আগুনের স্পর্শ পেয়ে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ফার্মগেট এলাকায় আপাতত গ্যাস সরবরাহ বন্ধ করে ছিদ্র চিহ্নিত করা হবে। এরপর তা মেরামত করে আবার গ্যাস সরবরাহ করা হবে। রাতের মধ্যেই তা করা যাবে বলে তিনি জানান।