মাঝখানে কাঁটাতার দুই পাশে আনন্দাশ্রু
দুটি দেশের ভৌগোলিক সীমারেখা আলাদা করা হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে। কিন্তু সে কাঁটাতার আলাদা করতে পারেনি দুই দেশের মানুষের ভালোবাসার টান। সুযোগ পেলে সেই টানেই তাঁরা ছুটে আসেন সীমান্তে বেড়ার কাছে। পেতে চান স্বজনদের সান্নিধ্য। দীর্ঘদিন পর দেখা। স্বজনেরা একে অপরকে দেখে আবেগাপ্লুত হন। বিনিময় করেন জমিয়ে রাখা হাজারো না-বলা কথা।কাঁটাতারের বেড়ার এপারে কয়েক হাজার বাংলাদেশি, ওপারে কয়েক হাজার ভারতীয় বাঙালি। পঞ্চগড়ের অমরখানা সীমান্তে ও ঠাকুরগাঁওয়ের হরিপুরের নাগর নদের পারে বেতনা সীমান্তে গতকাল শুক্রবার হয়ে গেল দুই বাংলার মানুষের মিলনমেলা। পয়লা বৈশাখ (ভারতে ছিল গতকাল) উপলক্ষে এই অনানুষ্ঠানিক মিলনমেলার আয়োজন করা হয়। অমরখানা সীমান্তে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত কাঁটাতারের ফোকর গলিয়ে বিস্কুট, চানাচুর, ঠান্ডা পানীয়র বোতল ও সিগারেটের প্যাকেট ছুড়ে দেন একে অপরকে। কেউ কেউ হাত নাড়িয়ে, উচ্চ স্বরে কথা বলে স্বজনদের সঙ্গে কুশলবিনিময় করেন। স্বজন ও পরিচিত মানুষকে দেখে আবেগাপ্লুত হয়ে ওঠেন অনেকে, অনেকে ভেঙে পড়েন কান্নায়। তবে এ কান্না দুঃখের নয়, আনন্দের, মধুর মিলনের। স্থানীয় লোকজন জানান, ১৯৪৭ সালে দেশভাগের পর তাঁদের অনেক আত্মীয় ভারতীয় অংশে পড়েন। এতে অনেকেরই যাতায়াত বন্ধ হয়ে যায়। তাঁরা উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর অলিখিত সম্মতিতে প্রতিবছর বাংলা নববর্ষে সীমান্তবর্তী এলাকায় এসে দেখা-সাক্ষাৎ করার সুযোগ পান।পঞ্চগড় ২৫ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর হাসিবুল হোসেন জানান, স্থানীয় মানুষের অনুরোধে ও বিএসএফের সঙ্গে আলোচনা করে কাঁটাতারের বেড়ার পাশে শূন্যরেখায় স্বল্প সময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। গত বছর বিএসএফের অনুমতি না পাওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুই বাংলার মানুষের মিলনমেলার আয়োজন করা যায়নি। তবে গতকাল সকাল নয়টা থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে কয়েক হাজার বাংলাদেশি ভারতীয় আত্মীয়দের সঙ্গে দেখা করতে ভিড় করেন। কেউ কেউ বাড়ি থেকে খাবার রান্না করে আনেন। বেলা ১১টার দিকে দুই ঘণ্টার জন্য ওপারের মানুষের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার কথা। সময় পেরোয়। কিন্তু সাক্ষাৎ আর হয় না। বেলা একটার দিকে বিএসএফের অনুমতি না পেয়ে অধৈর্য হাজারো মানুষ বিজিবির বাধা অমান্য করে নদীতে ঝাঁপিয়ে পড়ে কাঁটাতারের বেড়ার পাশে যান। অবশেষে বেলা দেড়টার দিকে আসে সেই প্রতীক্ষিত ক্ষণ। মাত্র আধ ঘণ্টা স্থায়ী হয় দুই বাংলার মানুষের মিলনমেলা। ফিরে আসার সময় অনেকে ভেঙে পড়েন কান্নায়। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা থেকে সীমান্তে এসেছিলেন বাসন্তী রানী (৬০)। তিনি মেয়ে কমলার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি জানান, শরীরটা ভালো যাচ্ছে না তাঁর। কখন মারা যান ঠিক নেই। তাই মেয়ে ও জামাতাকে দেখতে এসেছেন।হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, উপজেলার অধিকাংশ এলাকা পাকিস্তান-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে ছিল। এ কারণে দেশভাগের পর আত্মীয়স্বজন দুই দেশে ছড়িয়ে পড়েন। তাঁরা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন কখন আপনজনদের দেখা পাবেন।