মাঝনদীতে আট ফেরি আটকা
ভারী কুয়াশার কারণে গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল বুধবার সকাল নয়টা পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যান চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকলে পদ্মায় যান চলাচল ব্যাহত হয়। রাত আড়াইটার দিকে ঘন কুয়াশার কারণে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে দুপাশের ঘাট থেকে ছেড়ে যাওয়া খানজাহান আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ভাষাসৈনিক ড. গোলাম মওলা, শাহ মখদুম, কাবেরী, কপোতী, চন্দ্রমল্লিকা ও শাপলা শালুক নামের ফেরিগুলো মাঝনদীতে আটকে পড়ে। ফেরিগুলোয় অন্তত ১১০টি যানবাহন ছিল। এতে দুর্ভোগের শিকার হন কয়েক হাজার যাত্রী। সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো ঘাটে ভিড়তে শুরু করে এবং নৌ চলাচল শুরু হয়।