মাঝনদীতে আটকা জাহাজ ঝুঁকি নিয়ে লঞ্চ-ফেরি চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মাঝনদীতে নোঙর করে আছে কার্গো জাহাজ। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মাঝনদীতে নোঙর করে আছে কার্গো জাহাজ। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

নাব্যতা-সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনায় সার ও কয়লাবাহী কার্গো চলাচলে ব্যাহত হচ্ছে। পাবনার কয়েকটি স্থানে নদীতে ডুবোচর দেখা দেওয়ায় কয়েক মাস ধরে এসব নৌযান চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
পণ্যবাহী এসব কার্গো দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা নদীর মাঝে নোঙর করে রাখা হচ্ছে। এতে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচলে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে মাঝ নদীতে দুই ডজন কার্গো নোঙর করে আছে। এর পাশ দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের যাত্রীবাহী লঞ্চ, ফেরিসহ ইঞ্জিনচালিত ট্রলার ধীরে ধীরে চলাচল করছে। হাওলাদার শিপিং লাইনস জাহাজের মাস্টার কামরুল হাসান বলেন, চট্টগ্রাম থেকে ৬৯০ টন কয়লা নিয়ে এখানে এসে ৩০ জানুয়ারি নোঙর করেছেন। পাবনার নগরবাড়ী এলাকায় নাব্যতা কমায় এখানে অপেক্ষা করছেন।
কয়েকজন জাহাজের মাস্টার ও স্থানীয় ট্রলারচালক বলেন, পণ্যবাহী কার্গো চালাতে পানির গভীরতা লাগে ১১-১২ ফুট। পাবনার মোল্যার চর ও লতিফুর এলাকায় পানির গভীরতা রয়েছে ৮-৯ ফুট। পাবনার নগরবাড়ীর কাছে মোল্লার হাট, লতিফপুর ও মোহনগঞ্জ এলাকায় নাব্যতা কমে ডুবোচর জেগে ওঠায় সরাসরি জাহাজ যেতে পারছে না। ফলে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ এখানে নোঙর করতে বাধ্য হচ্ছে। পরে ইঞ্জিনচালিত ট্রলারে কয়েক শ টন মালামাল নামানোর পর জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে।
এদিকে মাঝ নদীতে পণ্যবাহী কার্গো নোঙর করে রেখে মালামাল খালাস করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ, ফেরি ও যাত্রীবাহী ট্রলার চলাচল করছে ঝুঁকি নিয়ে। অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, আগে পণ্যবাহী জাহাজ দৌলতদিয়া ঘাট থেকে দূরে নদীর পাড়ে নোঙর করায় তেমন সমস্যা হতো না। বেশ কিছুদিন ধরে নদীর মাঝে অবস্থান করায় লঞ্চ ও ফেরি চালাতে হচ্ছে খুব সতর্কতার সঙ্গে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘এভাবে পণ্যবাহী কার্গো বা জাহাজ মাঝ নদীতে রাখার নিয়ম নেই। বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে নদীর তীরে নোঙর করার পরামর্শ দেওয়া হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিআইডব্লিউটিএ আরিচা অঞ্চলের উপপরিচালক (নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগ) আবদুস সালাম বলেন, পানির গভীরতা অনুযায়ী তাঁদের পণ্য পরিবহনের কথা। ধারণক্ষমতার চেয়ে বেশি মালামাল নেওয়ায় নৌযান সরাসরি চলতে পারছে না। তাই পাবনার মোল্যার হাট ও লতিফপুরে খনন করা হয়েছে। বর্তমানে সেখানে পানির গভীরতা সাড়ে আট থেকে সাড়ে নয় ফুট। মোহনগঞ্জ এলাকায় খনন চলছে। এক-দুই দিনের মধ্যে কাজ শেষ হবে।