মাঝনদীতে গিয়ে লঞ্চে ওঠার চেষ্টা, প্রাণ গেল মা ও শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে প্রাণ গেল এক মা ও তাঁর ২২ দিনের শিশুপুত্রের। গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকার ১০ ও ১১ নম্বর পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশুপুত্র, স্ত্রী ও মাকে নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী যাওয়ার উদ্দেশে ঢাকার সাভার থেকে সদরঘাট টার্মিনালে এসেছিলেন ওহাব মিয়া। একটি ডিঙি নৌকায় করে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মাঝনদীতে গিয়ে পটুয়াখালীগামী পূবালী লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ ওই লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে তাঁদের নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর শিশুপুত্র ওবায়দুল ইসলাম মারা যায়। এ সময় ওহাব মিয়া ও তাঁর স্ত্রী খাদিজা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে খাদিজা বেগম মারা যান।
পুলিশ জানায়, ওহাব মিয়াকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় ওহাব মিয়ার মা সেতারা বেগম নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।