মাঝনদীতে গিয়ে লঞ্চে ওঠার চেষ্টা, প্রাণ গেল মা ও শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে প্রাণ গেল এক মা ও তাঁর ২২ দিনের শিশুপুত্রের। গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকার ১০ ও ১১ নম্বর পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশুপুত্র, স্ত্রী ও মাকে নিয়ে গ্রামের বাড়ি পটুয়াখালী যাওয়ার উদ্দেশে ঢাকার সাভার থেকে সদরঘাট টার্মিনালে এসেছিলেন ওহাব মিয়া। ডিঙি নৌকায় করে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মাঝনদীতে গিয়ে পটুয়াখালীগামী পূবালী লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ ওই লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে তাঁদের নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর শিশুপুত্র ওবায়দুল ইসলাম মারা যায়। ওহাব মিয়া ও তাঁর স্ত্রী খাদিজা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে খাদিজা মারা যান।
পুলিশ জানায়, ওহাব মিয়াকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহাব মিয়ার মা সেতারা বেগম নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খাদিজা বেগমের মামাতো ভাই সাইফুল ইসলাম বলেন, ওহাব পরিবার নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘আমরা নৌকার মাঝিদের সতর্ক করে দিই, যাতে তারা মাঝনদীতে লঞ্চে যাত্রী না ওঠায়। কিন্তু তারা আমাদের কথা শোনে না। তার পরও আমরা ব্যবস্থা নিচ্ছি।’
সেতারা বেগমকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন মীর।