মাঝনদীতে দুটি ফেরি বিকল, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল শুক্রবার পৃথক সময়ে যাত্রী ও যানবাহনবোঝাই দুটি বড় ফেরি বিকল হয়ে পড়ে। এ সময় ফেরি দুটিতে থাকা কয়েক শ যাত্রী ও যানবাহন চালকেরা দুর্ভোগের শিকার হন। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে অনেক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ েনৗপরিবহন সংস্থা—বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে সাতটি যাত্রীবাহী বাস, পাঁচটি ট্রাক ও একটি প্রাইভেট কার নিয়ে পাটুরিয়ায় যাচ্ছিল রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। ফেরিটি দৌলতদিয়ার অ্যাপ্রোচ চ্যানেল পার হওয়ার পর সুকান (দিক নিয়ন্ত্রণকারী যন্ত্র) বিকল হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাস্টার ফেরিটিকে নোঙর করার চেষ্টা করলেও প্রচণ্ড স্রোতে প্রায় তিন কিলোমিটার দূর ভাটিতে নোঙর করতে সক্ষম হন।
পরে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ (আইটি-৩৮৯) এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে পাটুরিয়া ঘাটে নিয়ে যায়।
এর আগে সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়া ঘাটের অ্যাপ্রোচ চ্যানেলের কাছে আসামাত্র ফেরির প্রপেলারে স্রোতে ভেসে আসা গাছের বড় একটি ডাল আটকে পড়ে। এতে ফেরিটি বিকল হয়ে পড়লে সেখানেই নোঙর করে থাকে। সংবাদ পেয়ে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ (আইটি-৩৮৯) ও আশা যৌথভাবে তিন ঘণ্টা চেষ্টা করে ফেরিটিকে দৌলতদিয়া ঘাটে নিয়ে আসে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রায়ই যান্ত্রিক সমস্যার কারণে ফেরিগুলো স্থানীয়ভাবে মেরামত করা হচ্ছে। তার পরও হঠাৎ করে এভাবে বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে কিছুটা ফেরি চলাচল ব্যাহত হয়। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে যাত্রীসাধারণকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়।