মাঝনদীতে বিকল ফেরি, দেড় ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহ পরান আজ সন্ধ্যা ছয়টার দিকে পদ্মা নদীর মাঝে গিয়ে বিকল হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয় ফেরিটিকে। এতে ভোগান্তিতে পড়েন ফেরিতে থাকা প্রায় ২০০ জন যাত্রী।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দৌলতদিয়ার ২ নম্বর ঘাট থেকে শাহ পরান যাত্রীবাহী ৩টি বাস, ৭টি পণ্যবাহী ট্রাক ও ৯টি ব্যক্তিগত গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি প্রায় মাঝনদীতে পৌঁছামাত্র ইঞ্জিন ও সুকানির যান্ত্রিক সমস্যার কারণে বিকল হয়ে পড়ে।

যান্ত্রিক সমস্যার কারণে চালক ফেরিটিকে বন্ধ করে দেন। ফেরিটি নদীতে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পরে পাটুরিয়াতে অবস্থানরত বিআইডব্লিউটিসির নিজস্ব উদ্ধারকারী জাহাজকে (আইটি-৩৮৯) খবর দেওয়া হলে সেটি ফেরিটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফেরিটিকে উদ্ধার করা হয়।

তথ্য সূত্রে জানা যায় ফেরিটির একটি ইঞ্জিন দীর্ঘদিন ধরে বিকল রয়েছে। মাত্র একটি সচল ইঞ্জিনের মাধ্যমেই ফেরিটি এত দিন পর্যন্ত যানবাহন পারাপার করে আসছিল। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আরও জানান, ফেরিতে মাত্র একটি ইঞ্জিন সচল থাকায় প্রায়ই যানবাহন পারাপারের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।