মাঝনদীতে লঞ্চ বিকল
বরিশাল-ঢাকা নৌ রুটে বরিশাল থেকে প্রায় চার হাজার যাত্রী নিয়ে গত রোববার রাতে এমভি কীর্তনখোলা-২ লঞ্চ বিকল হয়ে যায়। আড়াই ঘণ্টা পর ইঞ্জিন মেরামত করে পুনরায় ঢাকার পথে যাত্রা করে লঞ্চটি গতকাল সোমবার বেলা দুইটার দিকে সদরঘাটে পৌঁছায়।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা বিভাগ জানায়, গত শনিবার ঢাকা থেকে আসার পথে কীর্তনখোলা-২ লঞ্চের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। মাত্র একটি ইঞ্জিনের সাহায্যে লঞ্চটি বরিশালে আসে। দ্বিতীয় ইঞ্জিন মেরামত না করে রোববার প্রায় চার হাজার যাত্রী বোঝাই করে আবার এক ইঞ্জিনেই ঢাকায় যাচ্ছিল লঞ্চটি। রাত ১২টায় বরিশাল-ঢাকা নৌপথের হিজলা উপজেলার নলবুনিয়া এলাকায় আড়িয়াল খাঁ নদে ওই ইঞ্জিনও বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়ে লঞ্চটি। পরে রাত আড়াইটার দিকে ইঞ্জিন মেরামত করে যাত্রা শুরু করে লঞ্চটি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
লঞ্চের যাত্রীরা বলেন, রোববার রাত নয়টায় কীর্তনখোলা-২ লঞ্চটি যাত্রী বোঝাই করে বরিশাল নৌবন্দর ত্যাগ করে। রাত ১২টার দিকে লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে যায়। গভীর রাতে লঞ্চ বিকল হয়ে পড়ায় যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। পরে রাত আড়াইটার দিকে লঞ্চটির মেরামতকাজ শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়।
কীর্তনখোলা নেভিগেশন কোম্পানির পরিচালক মনজুরুল আলম বলেন, মাঝনদীতে গিয়ে লঞ্চের একটি বেয়ারিং ভেঙে যায়। লঞ্চে বিকল্প যন্ত্রাংশ না থাকায় সমস্যা দেখা দেয়। পরে ঢাকা থেকে আসা আরেকটি কীর্তনখোলা-২ লঞ্চ ওই যন্ত্রাংশ নিয়ে আসে। এরপর মেরামত শেষে রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করে লঞ্চটি।
বিআইডব্লিউটিএ বরিশাল বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার প্রথম আলোকে বলেন, বড় লঞ্চ হিসেবে কীর্তনখোলা-২-এর তিনটি ইঞ্জিন থাকা উচিত। সেখানে এক ইঞ্জিনে চালালে সমস্যা হওয়াটা স্বাভাবিক। এতে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ দুর্ভোগে পড়েন।