মাঝপথে কাজ বন্ধ, কবে শুরু হবে অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজারের ‘প্রজাপতির গুহা’ নামের পাতালপথে এখন ভোগান্তির শেষ নেই। মাঝপথে সংস্কারকাজ বন্ধ থাকায় ঝুঁকি ও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। গতকালে ছবি l প্রথম আলো
কারওয়ান বাজারের ‘প্রজাপতির গুহা’ নামের পাতালপথে এখন ভোগান্তির শেষ নেই। মাঝপথে সংস্কারকাজ বন্ধ থাকায় ঝুঁকি ও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। গতকালে ছবি l প্রথম আলো

সংস্কারকাজ শুরু হয়েছিল দুই মাস আগে। কারওয়ান বাজারের ‘প্রজাপতির গুহা’ নামের পাতালপথের কাজের মাঝপর্যায়ে এসে নতুন নকশার কথা ভাবছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফলে কাজ বন্ধ। আর তাতে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর প্রজাপতি গুহায় ঢোকা ও বের হওয়ার সিঁড়ি চারটি। গতকাল বৃহস্পতিবার দেখা যায়, এর মধ্যে দুটি সিঁড়িতে নতুন করে টাইলস বসানো হয়েছে। বাকি সিঁড়ি দুটো পড়ে আছে এবড়োখেবড়ো অবস্থায়। ভেতরে মেঝেতে অর্ধেক নতুন টাইলস বসানো, বাকি অংশ পড়ে আছে ভাঙা অবস্থায়। পথচারীরা এর মধ্য দিয়েই চলছেন।

যে সিঁড়িগুলোতে কাজ হয়েছে, সেগুলোও অসমতল। কিছু ধাপ চওড়ায় বেশি, কিছু আবার খুবই কম। অনেক জায়গায় ধাপগুলো বেশ খাড়া। সাবধানে পা ফেলে চলতে হচ্ছে। পাতালপথের মাঝের সিঁড়িটিতে অর্ধেক অংশে নতুন টাইলস বসানোয় এখানে জটলা বাঁধে। সবাই ওই ‘ভালো’ অংশটুকু দিয়েই যেতে চায়। কাজ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তাকর্মীও তুলে নেওয়া হয়েছে। ভেতরে কাগজ, নানা রকম প্যাকেট ও ময়লায় ভর্তি।

জানুয়ারির শুরুতে ডিএনসিসি পাতালপথের সিঁড়িগুলো ভেঙে তিন সপ্তাহ ফেলে রাখে। এ বিষয়ে ২৫ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় ডিএনসিসির অঞ্চল-৫-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে পাতালপথটি ঠিক করে দেওয়া হবে। এরপর দুই সপ্তাহ পেরোলেও ঠিক হয়নি। ৮ ফেব্রুয়ারি প্রথম আলোর আরও একটি প্রতিবেদনে তিনি আবার এক সপ্তাহের কথা বলেন।

তবে গতকাল এই নির্বাহী কর্মকর্তা বললেন, তাঁরা নতুন করে নকশার কথা ভাবছেন। ডিএনসিসির মেয়র নতুন করে সাজাতে চান পুরো পাতালপথটিকে। এ জন্য তাঁরা বিভিন্ন নকশাও দেখছেন। কবে নাগাদ নতুন নকশার কাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এ পথে মেট্রোরেলের কাজ হওয়ার কথা আছে। সে কাজের কোনো অংশ যদি এই পাতালপথের ওপর পড়ে, তাহলে তাঁরা নতুন নকশায় যাবেন না। এ জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন কাজ আর এগোবে কি না। এ ছাড়া পাশেই একটি পদচারী-সেতু তৈরির কথা ভাবছেন।

সদা ব্যস্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর কারওয়ান বাজার অংশে কোনো পদচারী-সেতু নেই। এই পাতালপথই ভরসা। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ পথে চলাচল করেন। আকবর হোসেন নামের একজন পথচারী বলেন, ‘এই কাজটুকু করতে কদিন লাগে? আধা-বিধি করে আর খবর নাই। তা-ও সিঁড়িগুলা ঠিকমতো বসায় নাই। উঁচা-নিচা হইয়া আছে।’ কয়েকজন অভিযোগ করেন, কারওয়ান বাজার থেকে মালপত্র নিয়ে অনেকেই এখানে বস্তাসহ পড়ে যান।