মাঝপথে পরিবহন মালিক সমিতির যাত্রী হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা মহাসড়কে পরিবহন মালিক সমিতি ইজিবাইক ও অটো (মাহিন্দ্রা) চলাচলে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব যানবাহন থেকে মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা।
কয়েকজন যাত্রী গত রোববার সকাল সাড়ে নয়টায় অটোতে করে গৌরনদী যাচ্ছিলেন। বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায় এম এ জলিল সেতুর টোলপ্লাজার কাছে যেতেই লাঠি হাতে তেড়ে আসেন এক ব্যক্তি। অটো থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন তিনি। জানতে চাইলে লাঠি হাতে তেড়ে আসা মো. শহীদ জানান, বরিশাল জেলা বাস মালিক সমিতি থেকে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। মহাসড়কে ইজিবাইক ও মাহিন্দ্রা (অটো) চলাচলে বাধা দেওয়াই তাঁর কাজ। এ জন্য তিনি মাসে মাসে টাকা পান।
গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রতিবেদক এম এ জলিল সেতুর টোলপ্লাজার কাছে অবস্থান করেন। সেতু দিয়ে বরিশাল থেকে আসা অথবা উজিরপুর ও গৌরনদী থেকে বরিশালের দিকে আসা মাহিন্দ্রা (অটো) এবং ইজিবাইক টোলপ্লাজায় পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া হয়। সেখানে যাত্রীদের নামিয়ে খালি গাড়ি ফেরত পাঠানো হয়। নেমে যাওয়া যাত্রীরা সেখান থেকে বাসে উঠে আবার রওনা দেন।
চারজন অটোচালক ও একজন ইজিবাইকচালক বলেন, তাঁরা টোল দিয়েও গাড়ি চালাতে পারছেন না। মালিক সমিতির এ সিদ্ধান্তের কারণে যাত্রীরা হেনস্তা হচ্ছেন। ক্ষতি হচ্ছে চালকদের। একজন অটোচালক অভিযোগ করেন, কোনো কোনো সময় যাত্রী বহনের অভিযোগে চালকদের মারধরও করা হয়।
অটো চেপে গৌরনদী যাচ্ছিলেন যাত্রী তন্ময় নাথ। তিনি বলেন, সেতুর কাছে লাঠিওয়ালা এক লোক যাত্রীদের নামিয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, লোকটি তাঁর হাতে থাকা চেরাই কাঠ দিয়ে অটোচালককে মারধরও করেছেন।
মো. হুমায়ুন কবির, আবদুর রব, আছিফুর রহমানসহ বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাসে কম যাত্রী হওয়ায় মালিক সমিতি এ কৌশল নিয়েছে। যাতে যাত্রীরা অটো বা ইজিবাইকে আর না চড়েন। ফারজানা আক্তার বলেন, অটো বা ইজিবাইক চড়লে বাসা পর্যন্ত যাওয়া যায়। কিন্তু বাসে গেলে মূল রাস্তায় নেমে যেতে হয়।
এ বিষয়ে বরিশাল জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কের এম এ জলিল সেতুর টোলপ্লাজায় মালিক সমিতি থেকে লোক নিয়োগ করা হয়েছে। যেসব যানবাহন মহাসড়কে চলার কথা নয়, সেগুলো আটকানো হয়। তা ছাড়া অতিরিক্ত যাত্রী বোঝাই হলে সেটাও দেখা হয়। তবে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে না।
তবে সহকারী পুলিশ সুপার (বরিশাল সদর সার্কেল) সুদীপ্ত সরকার বলেন, যেসব গাড়ির বৈধ কাগজপত্র আছে, সেগুলোর মহাসড়কে চলতে কোনো বাধা নেই। পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। মালিক সমিতির পক্ষ থেকে যান চলাচলে বাধা দেওয়া হয় কি না, তা তিনি জানেন না। সে রকম কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।