মাঝপথে ভোট বর্জনের ঘোষণা আ.লীগ প্রার্থীর
আওয়ামী লীগ অধ্যুষিত শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে ভোট গ্রহণের তিন ঘণ্টার মধ্যেই ভোট বর্জন করলেন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনিরুজ্জামান। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিনের ছোট ভাই। তা সত্ত্বেও ভোটের মাঠ থেকে ভোটের দিন সরে দাঁড়াতে হলো এই প্রার্থীকে। গতকাল শনিবার এটি ছিল এলাকার সবচেয়ে আলোচিত ঘটনা।
সকাল আটটায় ভোট শুরুর আগে থেকে সমর্থকদের নিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভাইয়ের পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা চালান সৈয়দ নাসিরউদ্দিন। একাধিক কেন্দ্রে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাধার মুখে পড়েন।
এলাকাবাসী ও ইউনিয়নটির বিভিন্ন কেন্দ্রের ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ের সুবাদে বিভিন্ন কেন্দ্রে প্রশাসন শক্ত অবস্থান গ্রহণ করে। এ অবস্থায় প্রশাসনের অসহযোগিতা ও বিদ্রোহী প্রার্থীর প্রভাব বিস্তারের অভিযোগ এনে বেলা ১১টায় ভোট বর্জনের ঘোষণা দেন সৈয়দ মনিরুজ্জামান। যদিও সেটি এলাকায় জানাজানি হয় বেলা দুইটার দিকে।
ভোট বর্জনের কারণ হিসেবে মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সকালে আমার বড় ভাই বোরহানউদ্দিন পশ্চিম বালুচরা মাদ্রাসা কেন্দ্রে এজেন্টের তালিকা নিয়ে গেলে তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ছাড়া প্রশাসনও আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের সমর্থকদের বের করে দেয়। তাই বাধ্য হয়ে ভোট বর্জনের ঘোষণা দিই।’
এদিকে, সকাল ৯টার দিকে বালুচরা মাদ্রাসা কেন্দ্রটি পরিদর্শনকালে দেখা যায়, ওই কেন্দ্রের বাইরে বিজিবি সদস্যসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অবস্থান নিয়েছেন। সকালে ভোট শুরুর আগে ওই কেন্দ্র এলাকায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সেখানে দীর্ঘ সময়ের জন্য ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। ওই অবস্থায় সেখানে ছিল সাধারণ ভোটারদের দীর্ঘ সারি।
একইভাবে ভোট চলাকালে মাঝপথে দুপুর ১২টায় ভোট বর্জনের ঘোষণা দেন গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউপির বিএনপি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী তারিক আজিজ মোবারক। কারণ হিসেবে তিনি আওয়ামী লীগ দলীয় প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, জোরপূর্বক ব্যালটে সিল মারার অভিযোগ করেন।
সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে সাধারণ ভোটারের উপস্থিতিও কমতে থাকে। আর তখনই শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তার ও পছন্দের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সিল মারা। রুদ্রকর ইউনিয়নের হোগলা মাকসারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসাইরহাটের মূলগাঁও আদর্শ গ্রাম কমিউনিটি সেন্টার ও বটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকদের প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখা যায়। এ ছাড়া বুড়িরহাট উচ্চবিদ্যালয়, তুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরস্বর্ণঘোষ মাদ্রাসা কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্রে সাধারণ ভোটারদের ওপর নৌকা প্রতীকে ভোটদানের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে।
১০ জন জখম: এ জেলায় ইউপি নির্বাচনকে ঘিরে পাঁচ ইউনিয়নের ছয় স্থানে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত শুক্রবার ভোটের আগের রাত ও গতকাল ভোটের দিন এসব ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ১০ ব্যক্তি জখম হয়েছেন। আহতদের সবাই জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।