মাঝপথে সেতু নির্মাণ বন্ধ, সাঁকোয় পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের কারেন্টের বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর ওপর সাঁকোয় করে চলাচল করছেন এলাকার মানুষ l ছবি: প্রথম আলো
সুনামগঞ্জের জামালগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের কারেন্টের বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর ওপর সাঁকোয় করে চলাচল করছেন এলাকার মানুষ l ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জামালগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের কারেন্টের বাজার এলাকার ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় গত মার্চে। কিছুদিন পর এ কাজ বন্ধ হয়ে যায়। এখন সেখানে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এর ওপর দিয়ে হেঁটে যাতায়াত করা গেলেও যানবাহন চলাচল করা যাচ্ছে না।

সেতুটি দ্রুত তৈরি না করায় দুটি উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের লোকজন দুর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া নড়বড়ে হওয়ার কারণে সাঁকোটির ওপর দিয়ে নারী ও শিশুরা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, জামালগঞ্জ সদর থেকে ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার পর্যন্ত সড়কের দূরত্ব সাত কিলোমিটার। এটি দিয়ে ফেনারবাক ও ভীমখালি ইউনিয়নের মানুষ জামালগঞ্জ সদরে যাতায়াত করে। একই সঙ্গে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কিছু গ্রামের মানুষও এদিক দিয়ে জামালগঞ্জে যায়। সড়কটির ভীমখালি ইউনিয়নের কারেন্টের বাজার এলাকার পাকা সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে চলতি বছরের প্রথম দিকে সেটি ভেঙে সেখানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নতুন সেতুর কাজ শুরু হয় মার্চে। কিছুদিন কাজ করার পর বৃষ্টি শুরু হলে এ কাজ বন্ধ হয়ে যায়।

ফেনারবাক ইউনিয়ন পরিষদের (ইউপি) ও লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘সেতু ভাঙার পর থেকে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। কাজ বন্ধ না করলে এত দিনে তা শেষ হতো। বাঁশের সাঁকোটিও ভাঙাচোরা। সেতুর কাজ আবার কবে শুরু ও শেষ হবে, সেটিও আমরা জানি না।’

কয়েকজন ব্যবসায়ী বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে তাঁরা অটোরিকশা ও ইজিবাইকে সরাসরি যাতায়াত করতে পারতেন। এখন বাঁশের সাঁকোর ওপর দিয়ে যান চলাচল করা যায় না। এ কারণে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। এখন পণ্য পরিবহনের জন্য উপজেলা সদর থেকে প্রথমে কারেন্টের বাজার আসতে হয়। পরে ভাঙা সেতুর পার করে আবার অটোরিকশা কিংবা অন্য কোনো বাহনে মালামাল নিতে হয়।

লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ী আবদুল মোহাইমিন বলেন, সদর থেকে মালামাল আনতে ভোগান্তি পোহাতে হচ্ছে। কারেন্টের বাজারে এসে মাল নামিয়ে এপারে এনে নতুন করে অটোরিকশা কিংবা ইজিবাইকে মালামাল পরিবহন করতে হয়। এতে খরচ পড়ে বেশি।

ইউপিটির চেয়ারম্যান করুণা সিন্ধু তালকুদার বলেন, তাঁর ইউনিয়নে ৪২টি গ্রাম আছে। এসব গ্রামের মানুষজনের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। এর বাইরে আরও দুটি ইউনিয়নের লোকজন এ সড়ক দিয়ে যাতায়াত করে। সেতুর কাজ দ্রুত শেষ না হলে মানুষের ভোগান্তি থেকেই যাবে।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, সেতুটি খুব ঝুঁকিপূর্ণ ছিল। তাই সেটি ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত মার্চ মাসে কাজ শুরু হওয়ার পর বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে। পানির জন্য কাজ করা যাচ্ছে না। পানি কমলে আবার কাজ শুরু হবে।