মাঝপথেই বিলীন একটি পরিবারের স্বপ্ন!

হাতে লেমিনেটিং করা কয়েকটি ছবি নিয়ে মা বসে আছেন ঘরের দরজার সামনে। নির্বাক দৃষ্টি তাঁর। তখন ছেলের সৎকারের কাজ চলছে বাড়ির পুকুরপাড়ের শ্মশানে। বিড়বিড় করে তাকাচ্ছেন সেদিকেও। বাবা বসে আছেন শ্মশানের পাশে পুকুরপাড়ে। চারপাশে এলাকার শোকার্ত মানুষের ভিড়।
চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত দীপঙ্কর দাশ রাহুলের বাড়িতে গিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ চিত্র দেখা যায়। দীপঙ্করের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের তেলিয়াকাটার হিন্দুপাড়া গ্রামে। দীপঙ্কর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
দীপঙ্কর দাশের বাবা সনাতন দাশ একটি ফার্নিচার দোকানের কর্মচারী। মা স্মৃতি রাণী দাশ গৃহিণী। দীপঙ্কররা দুই ভাই। কোনো বোন নেই। দীপঙ্করের বড় ভাই শুভংকর দাশ চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের গোলাপ বাগান ধরে সোজা পশ্চিমে হিন্দুপাড়া। গ্রামের মাটির রাস্তা ধরে একটি পাহাড়ের ঢালুতে দীপঙ্করের বাড়ি। মাটির দেয়ালে টিনের চালায় তিন কক্ষের একটি বাড়ি। ঘরে ঢুকতেই দেয়ালে পেরেক দিয়ে গাঁথা শ খানেক ছবি। প্রতিটি ছবিতেই আছেন দীপঙ্কর।
বাড়িতে সাংবাদিক এসেছে শুনে বসা থেকে উঠে দাঁড়ান স্মৃতি রাণী দাশ। হাত ধরে নিয়ে যান ঘরের দেয়ালে লেমিনেটিং করে লাগানো ছবির গ্যালারির দিকে। মা স্মৃতি রাণী দাশ বলেন, দীপঙ্কর খুব ভ্রমণপ্রিয় ছিল। যেখানেই যেত ছবি তুলত। তারপর তা স্টুডিও থেকে পরিষ্কার করে এনে দেয়ালে সাঁটাত। কয়েক দিন পর আবারও সিলেট ভ্রমণে যাওয়ার কথা। কিন্তু এর আগেই সে চলে গেল না-ফেরার দেশে।
মা বললেন, ‘দীপঙ্করকে ঘিরেই স্বপ্ন বুনতে শুরু করেছিলাম। তাকে চাকরি করতে বললে বলত, মা, ১০-১৫ হাজার টাকার বেতনের চাকরি নয়, আমাকে একটু সময় দাও আমি ৫০ হাজার টাকার চাকরি করব। বাপ আমাকে স্বপ্ন দেখিয়ে চলে গেল।’ এ কথা বলে মায়ের কান্না থামে না।
দীপঙ্কর ২০১৪-১৫ সেশনে ইতিহাস বিভাগে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিনি দুটি টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাতেন। পড়ালেখায় যেমন মেধাবী ছিলেন, সামাজিক কাজকর্মে ছিল সমান বিচরণ। তিনি কয়েকটি ধর্মীয় সংগঠন ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য, ডিবেট ক্লাবের সদস্য ও চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সভাপতি নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘খুব কর্মঠ ছিলেন দীপঙ্কর। সময়ানুবর্তিতা ছিল তাঁর প্রথম বৈশিষ্ট্য। নিজেকে কখনো অবসরে রাখতেন না। তিনি বিশ্বাস করতেন, অবসর মানুষকে অলস করে ফেলে। ফোরামের অর্ধেক কর্মসূচিই বাস্তবায়িত হতো দীপঙ্করের হাতে।’
বাড়ির উঠানে কথা হয় শাক্যমনি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিবুল কান্তি দে, স্থানীয় ইউপি সদস্য রামানন্দ ঘোষ, ব্যবসায়ী রাসেল বিশ্বাস ও দীপঙ্করের স্কুলজীবনের বন্ধু রুবেল দের সঙ্গে। শিক্ষক শিবুল কান্তি দে প্রথম আলোকে বলেন, দীপঙ্কর ছোটবেলা থেকেই প্রতিবাদী ছিলেন। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কথা বলতেন। স্বপ্ন দেখতেন সুন্দর সমাজ বিনির্মাণের।
শ্মশানের সামনে কথা হয় বাবা সনাতন দাশের সঙ্গে। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম ছেলে চিকিৎসক হোক। কিন্তু সে জেদ ধরে আর্টসে ভর্তি হয়েছে। শিক্ষক হতে চেয়েছে। ধীরে ধীরে সে স্বপ্নের পথে এগিয়েছে। কিন্তু ঈশ্বর সেই স্বপ্ন স্বপ্নই রেখে দিয়েছেন। আমার মতো মানুষের স্বপ্ন দেখার কোনো অধিকারই নেই!’ হু হু করে কেঁদে ওঠেন সনাতন।
স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য রামানন্দ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘এ দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন মাঝপথেই থামিয়ে দিয়েছে। সনাতন সব সময় মানুষের কাছে তাঁর ছেলের জন্য দোয়া প্রার্থনা করতেন। আমরাও ছেলেটির একাগ্রতা, উদারতা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডে অনেক আশাবাদী ছিলাম, দীপঙ্কর একদিন সবার মুখ উজ্জ্বল করবে।’