মাঝপদ্মায় নৌজট!

সোমবার বেলা ১১টা। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের উভয় ঘাট থেকে ছেড়ে আসা নৌযান মাঝ পদ্মায় আটকে যায়। এতে করে সৃষ্টি হয় নৌজটের। এ জটের কারণে দুই ঘণ্টা নদীতে আটকা থাকে শতাধিক যানবাহন। এর ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। পরে বেলা ১টা ২০ মিনিটের দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীর মাঝে উত্তর-দক্ষিণ বরাবর নদীর চ্যানেল তৈরি করে পদ্মা সেতুর কাজ চলছে। ওই চ্যানেল অতিক্রম করে এই রুটে ফেরিসহ সব নৌযান চলাচল করতে হয়। আজ ওই চ্যানেলে পাইপ স্থাপন করার কারণেই নৌযান চলাচল ব্যাহত হয়। এর ফলে ৩০টির বেশি লঞ্চ ও স্পিডবোট এবং ৮টি ফেরি আটকে পড়ে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া বলেন, পদ্মা সেতুর জন্য চায়না ড্রেজারের পাইপ স্থাপন কাজ শুরু হয়েছে। এর ফলে এ রুটে লঞ্চ, স্পিডবোট, ফেরিসহ সব নৌযান চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে কিছুক্ষণ পরই নৌযান চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরও বলেন, ‘বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বিষয়টি বিআইডব্লিউটিসিকে জানানোর কথা ছিল। কিন্তু আমরা আগে থেকে ড্রেজিংয়ের পাইপ সরানোর খবর পাইনি। ফলে ঘাট থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়নি। ফেরিগুলো ঘাট থেকে ছেড়ে গিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।’
ভুক্তভোগী রফিকুল ইসলাম নামের এক যাত্রী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঢাকা থেকে মাদারীপুর আসছিলাম। হঠাৎ করেই মাঝ পদ্মায় এসে লঞ্চ-ফেরি আটকে যায়। নদীর মাঝে ড্রেজিংয়ের পাইপ যত্রতত্রভাবে ছড়িয়ে থাকায় উভয় পাশ থেকেই কোনো নৌযান নৌপথ অতিক্রম করতে পারেনি। ফলে মাঝনদীতেই আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।’
সুরভী পরিবহনের চালক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন এই নৌরুট দিয়ে পদ্মা নদী পাড়ি দিতে হয়। প্রতিনিয়তই আমরা দেখি বিভিন্ন স্থানে পাইপ স্থানান্তর করতে থাকে। আগেও কয়েকবার এই সমস্যার সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রীসহ আমাদেরও দুর্ভোগ পোহাতে হয়।’
কাঁঠালবাড়ি ঘাটের পুলিশ পরিদর্শক নাসিরউদ্দিন সরকার বলেন, ‘মাঝ পদ্মায় ড্রেজারের পাইপ স্থাপন করায় নদীতে নৌজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের।’