মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি-মাওয়া রুটে মাঝপদ্মায় রো রো ফেরি শাহ মখদুমে গত শুক্রবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পদ্মা পারাপার প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। এ সময় কয়েক শ যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে ও চরে পড়ে প্রাণ বাঁচান। ফেরি থেকে হুড়োহুড়ি করে নামার সময় পাঁচ-ছয়জন যাত্রী আহত হয়েছেন। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে শুক্রবার রাত ১১টার দিকে কালবৈশাখীতে ফেরি রানীক্ষেত একটি চরের সঙ্গে ধাক্কা খেলে ছাদ থেকে পড়ে মো. ইউসুফ (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কচিয়া গ্রামে। ফেরিটি মাওয়া থেকে কাওরাকান্দি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শাহ মখদুম ফেরিটি ১০টি যাত্রীবাহী বাসসহ অন্তত ২১টি যানবাহন নিয়ে মাওয়া থেকে কাওরাকান্দি ঘাটে যাচ্ছিল। ফেরিটি রাত সাড়ে ১১টার দিকে হাজরা টার্নিংয়ে পৌঁছালে কালবৈশাখীর কবলে পড়ে চরে আটকে যায়। প্রায় এক ঘণ্টা পর একটি উদ্ধারকারী ‘আইটি’ জাহাজ ফেরিটির উদ্ধার তৎপরতা শুরু করে। রাত একটার দিক ফেরির ইঞ্জিনের ধোঁয়া নির্গমনের পাইপে আগুন লেগে যায়। পরে তা দ্রুত তৃতীয় তলায় চালকের ব্রিজে ও যাত্রীছাউনিতে ছড়িয়ে পড়ে। এ সময় ফেরিতে থাকা বিভিন্ন যানবাহনের যাত্রীরা নদীতে ঝাঁপ দেন। পরে তাঁরা চরে উঠতে সমর্থ হন। ফেরির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেও ঝোড়ো বাতাসের কারণে ব্যর্থ হন। পরে অন্য ছয়টি ফেরি এসে নদী থেকে পানি তুলে আগুনে ছুড়ে দেয়। ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ফেরির তৃতীয় তলায় চালকের কক্ষ, যাত্রীছাউনি, মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যান পুড়ে যায়। কর্তৃপক্ষের দাবি, এ অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর পাঁচটার দিক একটি ‘আইটি’ জাহাজের সহযোগিতায় ফেরিটি কাওরাকান্দি ঘাটে আনা হয়। বিআইডব্লিউটিসির মাওয়া জোনের ব্যবস্থাপক সিরাজুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঝড়ের কবলে পড়ে ফেরিটি চরে উঠে যায়। পরে তা উদ্ধারের সময় হঠাৎ ইঞ্জিনের ধোঁয়া নির্গমনের পাইপে আগুন লাগে। বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে সময় লাগে। তবে প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে তদন্ত কমিটি। তদন্ত শুরু: এ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) জ্ঞানরঞ্জন শীলকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গতকাল থেকেই তদন্ত শুরু করে। কমিটি পাঁচ দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গোলাম মোস্তফা কামালের কাছে তদন্ত প্রতিবেদন দেবে।