মাঝরাতে ঘরে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

বগুড়ার নন্দীগ্রামে গত রোববার মধ্যরাতে বগুড়া-নাটোর মহাসড়কের পাশের একটি ঘরে ঢুকে পড়ে দ্রুতগতির একটি ট্রাক। এতে ট্রাকচাপায় প্রাণ হারায় ১২ বছরের এক কন্যাশিশু। এ ছাড়া রোববার রাত থেকে গতকাল পর্যন্ত রাজধানী ঢাকা, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও রাজবাড়ীতে আরও চারজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়।

এ নিয়ে গত ১৪৭ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ হাজার ৩২৮ জনের। সংশ্লিষ্ট জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া-নাটোর মহাসড়কের বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর সড়কপাড়ায় রোববার দিবাগত রাত একটার দিকে আমবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মহাসড়কের পাশে একটি টিনের ঘরে। ট্রাকচাপায় নিহত হয় ঘুমন্ত রিতা খাতুন। সে হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক বলেন, আমবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দিনমজুর রাজু আহম্মেদের ঘরে ঢুকে পড়ে। এ সময় রিতা এবং তার মা–বাবা ঘরে ঘুমাচ্ছিলেন। ট্রাকচাপায় রিতা ঘটনাস্থলেই নিহত হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান রিতার মা–বাবা। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। পালিয়েছেন চালক ও তাঁর সহকারী।

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোজাম্মেল হোসেন (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বশিনা নামক স্থানে হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম রাজু আহমেদের গাড়ি পেছন থেকে মোজাম্মেলের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি নিহত হন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।

তবে এএসপি রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, তিনি নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তাঁর গাড়ির সামনে এসে পড়ে। তাঁর গাড়ির ধাক্কায় নয়, অন্য গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ঘটনার সময় তিনি ছিলেন না, তবে শুনেছেন এএসপির গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।

রাজধানীর মিরপুরে সেনপাড়া পর্বতা এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুস সালাম হাওলাদার (৫০) নামের এক ঠিকাদার মারা গেছেন গতকাল সকালে। নিহত ব্যক্তির ছেলে রেজাউল করিম বলেন, তাঁর বাবা টাইলসের ঠিকাদারি করেন। তিনি মিরপুরের কাজীপাড়ায় একটি প্রকল্পের কাজে যাত্রাবাড়ী থেকে এসেছিলেন। সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে রিকশায় করে কাজীপাড়া যাওয়ার পথে একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর-বোচাগঞ্জ সড়কে ভটভটি উল্টে এক ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল ভোর পাঁচটার দিকে বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হায়দার আলী (৫০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের ভকরগাঁও গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুরে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় সিরাজ মন্ডল (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি যান তাঁকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান হায়দার।