মাঝরাতের ঝড় বৃষ্টিতে পোস্টার বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের টানানো পোস্টার নষ্ট হয়েছে শনিবার মাঝরাতের ঝড়বৃষ্টিতে। গতকাল রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের টানানো পোস্টার নষ্ট হয়েছে শনিবার মাঝরাতের ঝড়বৃষ্টিতে। গতকাল রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

রাজধানীর বিভিন্ন গলি থেকে রাজপথ গতকাল রোববার ছিল মাকড়সা জালের মতো বিস্তর সুতলির জটাজালে আকীর্ণ।
অথচ আগের দিন পর্যন্ত সারা শহর ছেয়ে ছিল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র, কাউন্সিলর পদপ্রার্থীদের লাখ লাখ পোস্টারে। পথে নামলে আকাশ দেখা যাচ্ছিল না, কোথাও কোথাও ছিল এমন অবস্থা। নির্বাচনী বিধিতে দেয়ালে পোস্টার সাঁটা নিষেধ। প্রার্থীরা সুতলির সঙ্গে আঠা দিয়ে পোস্টার লাগিয়ে ঝালরের মতো ঝুলিয়ে দিয়েছিলেন পথের ওপর বা দুই পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে। বিশেষ করে পাড়া-মহল্লার গলিগুলো ছিল প্রায় ছাদ-ঢাকা অবস্থায়। কিন্তু শনিবার মাঝরাতের পর ঝড়ের ঝাপটায় পোস্টার আর দড়িদড়া ছিঁড়ে লন্ডভন্ড। ঝড়-বৃষ্টিতে প্রার্থীদের রীতিমতো পোস্টার বিপর্যয় ঘটে গেছে বলা যায়।
গতকাল খিলগাঁও, মালিবাগ, শাহজাহানপুর, শান্তিনগর, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা হয়ে পুরান ঢাকার লালবাগ, চকবাজার, লক্ষ্মীবাজার, বেগমগঞ্জ, সূত্রাপুর, নারিন্দা, মীর হাজীরবাগ, মুরাদপুর এলাকা ঘুরে দেখা গেছে, কেবল দড়িদড়া আছে, পোস্টার নেই। কোথাও কোথাও দড়ি-সুতলি ছিঁড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে গেছে। তবে যাঁরা একটু দূরদর্শিতার পরিচয় দিয়ে পোস্টারগুলো পলিথিনের প্যাকেটে ভরে দড়িতে আটকে দিয়ে ছিলেন, তাঁদের কিছুটা রক্ষা।
ঢাকা দক্ষিণ সিটির এক নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী নিছার উদ্দিন আহম্মেদ জানালেন, তাঁর প্রায় কুড়ি হাজার পোস্টার টাঙানো হয়েছিল। যার প্রায় নব্বই ভাগই ঝড়-বৃষ্টিতে নষ্ট হয়েছে।