মাঝারি গরুর চাহিদা বেশি
বেলা তখন প্রায় আড়াইটা। হাতিরঝিলের রামপুরা অংশে বেশ কয়েকটি গরু নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। তাঁদের একজন তেজকুনীপাড়ার তোফাজ্জল রহমান বললেন, ৬২ হাজার টাকা দিয়ে তিনি একটি গরু কিনেছেন। হাসিল বাবদ আরও ৩ হাজার ১০০ টাকা দিতে হয়েছে। বললেন, গতকাল রোববারই প্রথম হাটে গিয়ে তিনি গরুটি কিনেছেন।
তাঁর সঙ্গে কথা বলতে বলতেই দেখা গেল, আরও কয়েকজন গরু নিয়ে ফিরছেন। তাঁদের কাছে জানতে চাইলে বললেন, কেউ কিনেছেন ৪৬ হাজার, কেউ ৬২ হাজার, ৫২ হাজার, ৪০ হাজার বা ৬৩ হাজার টাকা দিয়ে। সবাই এসব গরু কিনেছেন রাজধানীর আফতাবনগর হিসেবে পরিচিত বাড্ডা (ইন্দুলিয়া-দাউদকান্দি-বাঘাপুর) হাট থেকে।
ওই হাটে গিয়ে দেখা গেল, হাটে প্রচুর গরু। বেচাকেনাও বেশ। ৪০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে মাঝারি আকারের গরুই বেশি বিক্রি হচ্ছে। তবে কেউ কেউ বলছেন, এবার দাম একটু চড়া।
খোঁজ নিয়ে জানা গেল, রাজধানীতে কোরবানির পশুর অন্য হাটগুলোতেও বেচাকেনা বেড়েছে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে উঠেছে পশুর হাটগুলো। প্রায় সব হাটেই কমবেশি এই চিত্র। আজ রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার সারা দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
আফতাবনগরে বসা হাটটি রাজধানীর পশুর হাটগুলোর মধ্যে অন্যতম। গতকাল বেলা পৌনে তিনটায় এই হাটের মূল প্রবেশপথে ঢুকেই দেখা গেল, ক্রেতাদের অনেকে এসেছেন সন্তানদের নিয়ে। কয়েকজন নারীকেও দেখা গেল হাটে। গরু কিনতে পেরে তাঁরা খুশি।
হাটের ভেতরে একটি হাসিল ঘরে গিয়ে জানা গেল, গতকাল বেচাকেনা ভালো ছিল। একটি হাসিল ঘরের (কাউন্টার) হিসাবকারী আবদুস সালাম বললেন, ‘হরদম’ বিক্রি হচ্ছে। গতকাল সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা হাসিল আদায় হয়েছে। আরেকটি হাসিল ঘরে গেলে হান্নান সরকার নামের একজন হাসিল আদায়কারী বলেন, তাঁদের হাসিল ঘরে গতকাল সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত প্রায় ৬০০ গরু বিক্রির তথ্য নিবন্ধন করা হয়েছে। তিনি বলেন, এই হাটে এ রকম ১০টি হাসিল ঘর রয়েছে।
ওই হাটে অবস্থান করে দেখা গেল, বেলা যত বাড়ছে, মানুষের সংখ্যাও তত বাড়ছে। সেই সঙ্গে বেচাকেনা বাড়ছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর গরু ব্যবসায়ী মো. বাহার আলী বলেন, গত মঙ্গলবার তিনি ৫০টি গরু নিয়ে এসেছিলেন। এর মধ্যে ১৭টি বাকি আছে, বাকি গরুগুলো এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। গরু বিক্রি করে যে লাভ হয়েছে, তাতে তিনি খুশি। তাঁর গরুগুলো ৫০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। তাঁর সবগুলো গরু দেশি।
আরেকজন বিক্রেতা ফরিদপুরের সদরপুর উপজেলার সিরাজ হাওলাদার বলেন, তাঁরা ১৬টি গরু নিয়ে আসেন। সাতটি বিক্রি হয়েছে। লাভ কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভালোই।
তবে কায়েস নামে একজন ক্রেতা বললেন, তিনি পরিবার ও স্বজনদের জন্য গরু কিনতে আরও কয়েকটি হাটে গিয়েছেন। তাঁর কাছে মনে হয়েছে এবার দাম একটু চড়া।
হাট ঘুরে জানা গেল, মাঝারি আকারের গরু বেশি বেচাকেনা হলেও বড় আকারেরও গরুও আছে এই হাটে। একজন বিক্রেতাকে একটি গরুর দাম ছয় লাখ টাকা হাঁকাতে দেখা গেল। কেউ কেউ লাখ টাকার বেশি দামের গরু কিনেও বাড়ি ফিরছেন। গরুর পাশাপাশি ছাগলও বেচাকেনা হচ্ছে। একজনকে দেখা গেল ছোট আকারের দুটি ছাগল কিনেছেন ১৪ হাজার টাকায়।
বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই পশুর হাট দেখতে যান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এটি ঢাকার সবচেয়ে বড় গরুর হাট। এখানে ক্রেতা-বিক্রেতা উভয়ই সন্তুষ্ট। সুন্দরভাবে বেচাকেনা হচ্ছে।
সুস্থ পশু কেনার পরামর্শ: কোরবানির পশুর হাট থেকে পশু কেনার সময় হাটে থাকা পশুচিকিৎসকদের মাধ্যমে তা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. আইনুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা সিটি করপোরেশনের অধীন ২৩টি কোরবানির পশুর হাটেই তাঁদের চিকিৎসকেরা অস্থায়ী কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। ঢাকার বাইরেও অনুমোদিত বড় হাটগুলোতে চিকিৎসক আছেন। তাই ক্রেতাদের প্রতি পরামর্শ, ‘আপনারা পশু কেনার সময় পরীক্ষা করে নিন।’
খালি চোখে সুস্থ গরু চেনার প্রাথমিক লক্ষণ কী, জানতে চাইলে আইনুল হক বলেন, স্বাভাবিকভাবে অসুস্থ গরুগুলো নিস্তেজ থাকে। খেতে চায় না, হাঁটতে চায় না। চামড়া ধরে টান দিলে দ্রুত আগের অবস্থায় ফিরতে চায় না। আর সুস্থ গরুর চামড়া ধরে টান দিয়ে ছেড়ে দিলে দ্রুত আগের অবস্থায় ফিরে যায়। তবে পরীক্ষা করে নেওয়াই ভালো।