মাঝি যাইবা না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় ১৯৬৩ সাল থেকে বসবাস করছেন এস এম হারুনুর রশিদ সওদাগর। নগরের পাশের উপজেলা বোয়ালখালীর সেনাপুল এলাকায় তাঁর গ্রামের বাড়ি। শৈশব-কৈশোর তো বটেই, যুবক বয়সেও শহর থেকে নৌকায় করে সরাসরি গ্রামে যাতায়াত করতেন তিনি। গ্রামের বোয়ালখালী খাল হয়ে কর্ণফুলী নদী পেরিয়ে তাঁদের সাম্পান (নৌকা) ঢুকত নগরের চাক্তাইয়ে। এখন খাল দুটিতে সাম্পান দূরে থাক, কাঠের টুকরাও ভাসে না বলে আফসোস তাঁর।

চট্টগ্রামের এই সওদাগর বলেন, ‘এখনো তাঁর কানে বাজে, খালের কোনো ঘাটে দাঁড়িয়ে হাঁক দিচ্ছেন কেউ, মাঝি যাইবা না? (মাঝি যাবে)। কালচে পানির চাক্তাই খাল দেখে এখন কে বলবে হাজার মণ পণ্য নিয়ে এই খালেই একসময় সাম্পান ছুটে চলত।’

শুধু বোয়ালখালী নয়, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে যাত্রী ও পণ্যবোঝাই সাম্পান ভিড়ত চাক্তাই ও রাজাখালী খালে। আশির দশকের শেষ পর্যন্ত দুটি খালে বড় বড় সাম্পান চলতে দেখেছেন হারুনুর রশিদ সওদাগর।

সত্তর-আশির দশকে চাক্তাই খালে শুশুকের ঝাঁপাঝাঁপি দেখে আনন্দে মেতে থাকত খালপাড়ের শিশু-কিশোরেরা। এই স্মৃতি এখনো নস্টালজিক করে মাস্টারপুলের বাসিন্দা চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শিল্পী শাহরিয়ার খালেদকে। তিনি বলেন, প্রয়াত রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের বাড়ি নগরের চন্দনপুরায়। আনোয়ারা থেকে তাঁরা স্পিডবোটে করে চাক্তাই খাল দিয়ে চন্দনপুরায় আসতেন। ১০০ ফুট দীর্ঘ বড় পণ্যবাহী নৌকায় তাঁদের চন্দনপুরার বাড়িতে ধানসহ নানা পণ্য আসত চকরিয়ার রাজাখালী থেকে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে নগরের ৩৪টি খালের তালিকা রয়েছে। এগুলোর অধিকাংশই এখন নালায় পরিণত হয়েছে। তবে নগরের প্রবীণ বাসিন্দারা বলছেন, সিটি করপোরেশনের তালিকাভুক্ত ৩৪টি খালের বাইরে আরও অনেক খাল ছিল, যেগুলো ভরাট কিংবা দখল হয়ে গেছে।

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ বলেন, চট্টগ্রাম শহরে ৭০টির মতো খাল ছিল। এই শহরের আরএস খতিয়ান দেখলেই সেগুলোর মানচিত্র খুঁজে পাওয়া যাবে।

পাহাড়-জঙ্গলে ভরা চট্টগ্রাম শহরে তো একসময় রাস্তাঘাটই ছিল না বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন। তাঁর মতে, জলপথই ছিল এই এলাকার মানুষের প্রধান ভরসা। ১৮৬০ সাল থেকে চট্টগ্রাম নগরে রাস্তাঘাট বানানো শুরু হয়। এর ৩০ বছর আগে ১৮৩০ সালে নৌপথে কলকাতা থেকে ক্যাপ্টেন পগসন নামের একজন সরকারি কর্মকর্তা একটি তদন্তকাজে চট্টগ্রামে এসেছিলেন। তাঁর লেখা ট্যুর টু চাটিগাঁও-এ জলপথনির্ভর চট্টগ্রামের যোগাযোগব্যবস্থার কথা উল্লেখ রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাস থেকে জানা যায়, চট্টগ্রাম পৌরসভা গঠনের (১৮৬৩ সাল) সাত বছর আগে ১৮৫৬ সালের ১৪ মে তৎকালীন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি প্রস্তুতি সভা হয়। সেই সভায় চট্টগ্রাম নগরের পানিনিষ্কাশনব্যবস্থা ও জঙ্গল পরিষ্কার, নিম্ন এলাকায় ভূমির উচ্চতা নির্ধারণ এবং স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হয়। সেই প্রাক্‌-পৌরসভার প্রস্তুতি সভার পর ১৬১ বছর পেরিয়ে গেছে। এখনো এলাকাভিত্তিক ভূমির উচ্চতা নির্ধারিত হয়নি। হয়নি পানিনিষ্কাশনের যথাযথ ব্যবস্থা।

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শহরে প্রতিদিনের বর্জ্যের প্রায় ৬৪ শতাংশ পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে খাল-নালায় জমা হয়। সিটি করপোরেশন ঘরে ঘরে ডাস্টবিন সরবরাহ করেছে, কিন্তু এই আবর্জনাগুলো কোথায় ফেলবে তার দিকনির্দেশনা নেই। সেসব বর্জ্য ধারণ করছে চট্টগ্রামের সব কটি খাল।

১৯৯৫ সালের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত মাস্টার প্ল্যানে সেই সব খাল পুনরুদ্ধার, সংস্কার এবং এসবের গতি ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। কিন্তু সেটি বাস্তবায়নের কোনো উদ্যোগ এখনো নেই বলে নগর পরিকল্পনাবিদেরা জানান। তাঁরা বলেন, অবৈধ দখল উচ্ছেদ করে পরিকল্পিতভাবে খনন করাই জলাবদ্ধতা থেকে মুক্তির অন্যতম উপায়। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, চট্টগ্রাম ওয়াসার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনীতির ভেদাভেদ ভুলে চট্টগ্রামের খালগুলোকে পুনরুদ্ধারে সবাইকে ঐকমত্যে আসতে হবে।

এ বিষয়ে প্রকৌশলী আলী আশরাফ বললেন, সব কথার শেষ কথা, খালের জায়গা খালকে ফেরত দিতে হবে। এটাই হচ্ছে মৌলিক সমাধান।

নতুন খাল খনন করে, পুরোনোগুলো উদ্ধার করে পানির প্রবাহ ফিরিয়ে এনে পরিবেশবান্ধব একটি শহরে হয়তো আবার শোনা যাবে সেই পুরোনো ডাক, ‘মাঝি যাইবা না?’