মাঝিহীন নৌকায় শিশুদের ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণপুর বাজারের মিরকাতলী নদীর ঘাট দিয়ে মাঝিবিহীন নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে শিশুরা। ওই স্থানে সেতু না থাকায় নেত্রকোনার দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ছয়টি ইউনিয়নের লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিশ্রুতি দিয়েও জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।সমপ্রতি সরেজমিনে দেখা গেছে, কৃষ্ণপুর বাজারের খেয়াঘাটে নৌকার দুই প্রান্ত রশি দিয়ে বাঁধা। মাঝি না থাকায় বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাই ঝুঁকি নিয়ে নৌকায় লাগানো রশি টেনে নদী পার হচ্ছে। স্কুল-মাদ্রাসা ছুটির পরও নৌকা বোঝাই করে শিশুদের ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে।গাওকান্দিয়া ইউনিয়নের নন্দেরছটি গ্রামের শাহাব উদ্দিন বলেন, প্রতিটি নির্বাচনের সময়ই প্রার্থীরা এ স্থানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে তাঁরা প্রতিশ্রুতির কথা ভুলে যান। ছয়টি ইউনিয়নের লোকজন ঘাট দিয়ে কৃষ্ণপুর বাজার ও দুর্গাপুরে যাতায়াত করেন। অভিভাবকেরা শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠিয়ে আতঙ্কে থাকেন।কৃষ্ণপুর বাজার স্বাস্থ্যকেন্দ্রের সহকারী মকবুল হোসেন বলেন, সেতুটি খুবই জরুরি। মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এ পথে যাতায়াত করেন। ঝুঁকি নিয়ে পারাপারের সময় প্রায়ই শিশুরা নৌকা থেকে পড়ে যায়।গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, দুর্গাপুরের গাওকান্দিয়া, বিরিশিরি ও কুল্লাগড়া ইউনিয়ন এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা, পোড়া কান্দোলিয়া ও ধোবাউড়া ইউনিয়নের কমপক্ষে পাঁচ হাজার লোক প্রতিদিন এ পথে যাতায়াত করেন। সেতুর জন্য সাংসদ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আবেদন করেও কোনো লাভ হচ্ছে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও দুর্গাপুর উপজেলার প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, স্থানীয় সাংসদের আধা সরকারি পত্রসংবলিত (ডিও লেটার) প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ওই স্থানে সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে মাটি পরীক্ষা করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।