মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই প্রশস্ত করা হচ্ছে সড়ক
মাঝখানের বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার খালপাড় সেতু থেকে বাজার সেতু পর্যন্ত সড়ক প্রশস্ত করার কাজ চলছে। এতে কিছুটা সুফল পাওয়া গেলেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া পরে খুঁটিগুলো সরানোর সিদ্ধান্ত নেওয়া হলে রাস্তা খুঁড়ে তা কার্যকর করতে হবে। এতে করে অর্থের অপচয় ঘটবে।
পৌরসভা কর্তৃপক্ষ বলছে, তারা পল্লী বিদ্যুৎ সমিতিকে খুঁটি সরানোর জন্য অর্থ দেওয়ার পাশাপাশি চিঠিও দিয়েছে। কিন্তু সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
মানিকগঞ্জ পৌরসভার প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, শহর অঞ্চলের উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন সড়ক উন্নয়নের কাজ করছে মানিকগঞ্জ পৌরসভা। এই প্রকল্পের আওতায় শহরের গঙ্গাধরপট্টি এলাকায় খালপাড় সেতু থেকে বাজার সেতু পর্যন্ত এক হাজার ৮০ মিটার সড়ক প্রশস্ত করার কাজ চলছে।
গতকাল শনিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, সদর থানার সামনে দুটি এবং সরকারি দেবেন্দ্র কলেজের সামনে একটি বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে রেখেই সড়কে বিটুমিনের প্রলেপ দেওয়ার কাজ চলছে।
স্থানীয় বাসিন্দা ও আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুদ্দিন আহমেদ বলেন, বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝে রেখেই সড়ক প্রশস্ত করা হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া পরে ওই খুঁটিগুলো অপসারণ করতে হলে পুনরায় রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হবে। এতে করে অর্থের অপচয় হবে।
সড়কটির উন্নয়নকাজ করছে ‘ইসপেক্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিনিধি আওলাদ হোসেন বলেন, ‘সড়কের খুঁটি সরানোর দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। এর জন্য তো আমাদের কাজ ফেলে রাখা সম্ভব নয়।’
এ ব্যাপারে জানতে চাইলে মানিকগঞ্জ পৌরসভার প্রকৌশলী বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, খুঁটিগুলো সরাতে পল্লী বিদ্যুৎ সমিতিকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া ওই কাজ বাবদ সমিতিকে অর্থও দেওয়া হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি সরানোর উদ্যোগ নিচ্ছে না।
যোগাযোগ করা হলে মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের উপমহাব্যস্থাপক (কারিগরি) রফিকুল ইসলাম বলেন, শিগগিরই খুঁটিগুলো সরানোর উদ্যোগ নেওয়া হবে।