মাঝে মাঝে চোখ মেলছেন খাদিজা

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের বাঁ পায়েও সাড়া ফিরে এসেছে। মাঝে মাঝে চোখ মেলছেন তিনি। তাঁর ভাই শাহীন আহমেদ শনিবার প্রথম আলোকে এ কথা জানান।
সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলমের হামলার শিকার হন খাদিজা। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
খাদিজার ভাই শাহীন আহমেদ বলেন, বাঁ পায়ে ব্যথা দিলে খাদিজা এখন সাড়া দিচ্ছেন। তবে বাঁ হাত একেবারেই অচল। মাঝে মাঝে খাদিজা চোখ মেলছেন। তবে তাঁর স্বজনদের ধারণা, চেতনা ফিরলেই তাঁর হয়তো হামলার ঘটনা মনে পড়ছে। চোখ-মুখ দেখে তাঁদের মনে হয়, খাদিজা ভয় পাচ্ছেন। তাঁর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে।
এর আগে গত সোমবার খাদিজার ডান হাতে চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন, খাদিজার চেতনা ফিরে আসছে। তবে তিনি তাঁর শরীরের বাঁ পাশটা নাড়াতে পারছেন না। বাঁ হাতে অস্ত্রোপচার জরুরি হলেও তাঁরা অনুভূতি ফিরে আসার অপেক্ষায় আছেন।
মেয়ে গুরুতর আহত হওয়ার পর খাদিজার মা মনোয়ারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিছুটা সামলে উঠে তিনি ঢাকায় এসেছেন গত বুধবার। মেয়েকে স্পর্শ করলেও সাড়া পাননি। এই কষ্টে কাতর তিনি। গতকাল স্কয়ার হাসপাতালের লাউঞ্জে বসে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তাঁর চোখে-মুখে এখনো উদ্বেগ। মেয়ের জীবন বাঁচে কি না, তা নিয়ে শঙ্কায় তিনি।